প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল জমিদারবাড়ি। তবে কালের বিবর্তনে আজ সেই জমিদারবাড়ি অস্তিত্ব হারাতে বসেছে। দীর্ঘ সময় ধরে অবহেলা, অযত্ন এবং সংস্কারের অভাবে ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। যথাযথ সংরক্ষণ করা হলে এটি এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ হতে পারে। স্থানীয়রা ঐতিহাসিক জমিদারবাড়িটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্প্রতি সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে, যেখানে একসময় জমিদারি শাসনের জৌলুস, মানুষের পদচারণা এবং আভিজাত্যের ছোঁয়া ছিল, আজ সেখানে বিরাজ করছে নীরবতা। সময়ের সাথে সাথে জমিদারবাড়ির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আবার কোথাও স্থাপনার অংশ ভেঙে পড়েছে। গাছপালা এবং আগাছায় ঢেকে যাচ্ছে ঐতিহাসিক এই নিদর্শন।
জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামে প্রায় আড়াই যুগ ধরে জমিদারি পরিচালনা করতেন ভারতের কুচবিহার এর মহারাজা নীপেন্দ্র নারায়ন রায় এর অধিনস্থ জমিদার ধর্য্য নারায়ন, মতিলাল রায় ও লক্ষিন্দ্র নারায়ন রায়। ১৯৫০ সালে দেশে জমিদারী প্রথা আইনগতভাবে বিলুপ্ত করা হয়। এর ফলে জমিদারদের জমির মালিকানা এবং খাজনা আদায়ের প্রচলিত অধিকার রাষ্ট্রের অধিনে চলে যায়।
জমিদারের নাতীরা জানান, পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করে। তখন জমিদার মতিলাল রায় ও মধুসূদন ভারতে চলে যান। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর খাজনার কারণে তাদের জমিদারি বিলুপ্ত হয়ে যায়। সরকার সম্পত্তিগুলো এনিমেনি করে দেয়। জমিগুলো যদি সরকার তাদের ফেরত দেয়, তাহলে তারা ভালোভাবে চলতে পারবেন।
সোনাহার টেকনিক্যাল কলেজের প্রভাষক রতন কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না থাকায় জমিদারবাড়ীটির ঐতিহাসিক সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটি সংস্কার করা হলে একটি পর্যটন কেন্দ্র তৈরি হতে পারে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তার।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, জমিদারের বাড়ি ও মন্দির পরিদর্শন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পঞ্চগড় যেহেতু পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা, সেহেতু প্রত্নতত্ত্ব ও পর্যটনের জায়গা হিসেবে নির্ধারণ করা হলে, পর্যটন খাত আরো এগিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন