প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোরের ঘাসে শিশির জমে থাকা, বিকেল আসার সঙ্গে কুয়াশার মিহিন পর্দা, ধানক্ষেতের ওপর দিয়ে বয়ে যাওয়া ঠাণ্ডা বাতাস এবং চা-বাগানের সবুজ পাতায় মুক্তোর মতো ঝলমলে জলকণা দেখা যাচ্ছে।
এমন পরিবর্তনশীল দৃশ্য প্রকৃতির ঋতুবদলের আবহ জানান দিচ্ছে, মৌলভীবাজারের চায়ের রাজ্যে হেমন্তের আগমন ঘটতে চলেছে।
কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের গ্রামীণ জনপদ, চা-বাগান, পাহাড়ি এলাকা এবং মেঠোপথে ঋতু পরিবর্তনের স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে। শেষরাত ও ভোরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। অনেক পরিবারে হালকা কম্বল, চাদর ও শীতের পোশাক বের করা হচ্ছে।
ভোরের আলো ফুটতেই চা-বাগানের সারি সারি পাতায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় ঝিকমিক করতে থাকে। দূর থেকে মনে হয়, মাঠজুড়ে মুক্তোদানা ছড়িয়ে রয়েছে। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের উঁকি দেওয়া এবং ঠাণ্ডা বাতাসের সঙ্গে মিশে থাকা রোদ একটি মায়াবী পরিবেশ তৈরি করছে।
কমলগঞ্জের মাধবপুর, রহিমপুর, বালিগাঁও, মাগুরছড়া এবং বিভিন্ন খাসিয়া পুঞ্জি এলাকায় স্থানীয়রা জানান, এখানে কুয়াশা তুলনামূলকভাবে আগে নামছে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ধানক্ষেত ও মেঠোপথে হালকা কুয়াশা নেমে আসছে। গঙ্গা ফড়িংয়ের উড়াউড়ি, ভোরের পাখির ডাক এবং শিশিরভেজা ঘাস মিলিয়ে গ্রামীণ প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়েছে।
ঋতুর এই পরিবর্তনের লক্ষণ শুধু প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়, কৃষকের মাঠেও এর প্রভাব পড়েছে। কমলগঞ্জের আদমপুর, ইসলামপুর, রানীবাজার, ঘোড়ামারা, মাধবপুর, মাঘমাড়া, বালিগাঁও, পতনঊষার এবং শমসেরনগরসহ বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চাষের প্রস্তুতি শুরু হয়েছে। জমি প্রস্তুতির পাশাপাশি কোথাও বীজ বপন করা হচ্ছে, কোথাও আবার চারা পরিচর্যায় কৃষক ব্যস্ত রয়েছেন।
শিম, লালশাক, টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপি এবং মূলাসহ নানা সবজির আবাদ নিয়ে কৃষকের চোখ এখন ভালো ফলনের দিকে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী মো. জিল্লুর রহমান তামিম বলেন, ‘প্রকৃতিতে শীত শীত ভাব এসে গেছে। ভোরে ঘাস ভেজা থাকে, বাতাস ঠাণ্ডা লাগে। চাদর গায়ে দিতে হয়।’
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে ঋতুর সৌন্দর্য আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। পাহাড়ের ঢাল, সবুজ চা-গাছের সারি এবং কুয়াশা ঢাকা পথ মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া দৃশ্য তৈরি হয়েছে। দিনের আলো বাড়ার সঙ্গে কুয়াশা সরে গেলেও প্রকৃতিতে সতেজতার ছাপ রয়ে যাচ্ছে।
সব মিলিয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে এখন হেমন্ত ও শীতের সন্ধিক্ষণ। একদিকে শিশিরভেজা ঘাস ও কুয়াশার কোমলতা, অন্যদিকে মাঠে কৃষকের ব্যস্ততা-সবকিছু মিলিয়ে প্রকৃতি যেন নীরবে বলে দিচ্ছে, সামনেই হেমন্ত; তার হাত ধরেই শীত নামবে চায়ের রাজ্যে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন