ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

চবিতে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগ, ৪০টির বেশি বিড়াল পেল টিকা


চবিতে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগ, ৪০টির বেশি বিড়াল পেল টিকা

পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে প্রাণীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিনা মূল্যে র‍্যাবিস টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ও হলের ৪০টির বেশি পোষা বিড়ালকে টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের (এসডব্লিউআই) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

আরও পড়ুন: রাবিতে রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক কামাল উদ্দীন বলেন, "পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ব্যতিক্রমী। শুরুতে ধারণা ছিল না, ক্যাম্পাসে এত শিক্ষার্থী বিড়াল লালন-পালন করেন। বিড়ালও জীববৈচিত্র্যের অংশ। মানুষের অধিকারের পাশাপাশি প্রাণী ও উদ্ভিদের অধিকার নিয়েও কাজ করা প্রয়োজন।"

তিনি আরও বলেন, "শুধু বিড়ালের সুরক্ষা নয়, তাদের মালিক ও ক্যাম্পাসের অন্য বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষাও গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সব পোষা বিড়ালকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"

বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, "অল্প সময়ের মধ্যে সংগঠনটি শিক্ষার্থীবান্ধব, পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। পোষা প্রাণীর টিকাদানও তেমন একটি উদ্যোগ। অনেকের কাছে পোষা প্রাণী পরিবারের সদস্যের মতো। তাদের অসুস্থতা মালিকদেরও মানসিকভাবে কষ্ট দেয়। তাই প্রাণীর শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।" তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনটির অ্যানিমেল ওয়েলফেয়ার প্রকল্পের প্রধান ও কর্মসূচির আয়োজক জনি সাহা জানান, "ক্যাম্পাসে বাসা ও হলে যেসব শিক্ষার্থী বিড়াল পালন করেন, তাঁদের পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ৪০টির বেশি বিড়ালকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পুরো ক্যাম্পাসের পোষা প্রাণীকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"

আরও পড়ুন: শেকৃবির অনুরোধে কৃষিগুচ্ছে বাকৃবি, ভিসির নামে ভুয়া বক্তব্যের প্রতিবাদ

কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনমোল আমিরা বলেন, "ক্যাম্পাসে পোষা প্রাণীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পশুপাখি ভালোবাসেন এবং পোষা প্রাণীর যত্ন নেন। তবে তাদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ও সহযোগিতামূলক মনোভাব খুব বেশি দেখা যায় না।" তিনি জানান, নিজের বিড়ালকে টিকা দিতে এসে আয়োজকদের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

একই কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্যামল বড়ুয়া বলেন, "বিশ্ববিদ্যালয়ে পোষা প্রাণীদের টিকাদানের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁর বিড়ালটি কিছুটা ভয় পেলেও আয়োজকদের সহযোগিতায় শেষ পর্যন্ত সফলভাবে টিকা দেওয়া সম্ভব হয়েছে। প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।" পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কর্মসূচি আয়োজনের প্রত্যাশা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎কাল ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


‎কাল ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

‎ময়মনসিংহের ত্রিশালে ৪৫ তম আহলেহাদিস তাবলীগে ইসলামের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা মিলন সমাজ মাঠে এ ইজতেমা শুরু হয়। এর আয়োজন করেছে বাংলাদেশ আহলেহাদিস তাবলীগে ইসলাম। বুধবার বিকেলেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ জড়ো হতে শুরু করেছে ইজতেমাস্থলে।
‎
‎আয়োজক কমিটির মঞ্চ পরিচালক শায়েখ ড. মুযাফফর বিন মহসীন বলেন, ‘বুধবার মাগরিব নামাজ বাদ আমাদের ৩ দিনব্যাপী ইজতেমার শুরু হয়ে শনিবার (১৩ নভেম্বর) ফজর নামাজ বাদ শেষ হবে। এই ৩ দিনে দেশের শীর্ষস্থানীয় ইসলামিস্কলার যারা রয়েছেন তারা এখানে বয়ান করবেন। প্রতিবছর এ ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে।
‎
‎আয়োজন কমিটির সদস্য জহিরুল ইসলাম মুকুল মাস্টার বলেন, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদরা সহীহ্ হাদিস ও কুরআনের আলোকে এখানে আলোচনা করবেন। আশাকরা যায় এশার নামাজ বাদ এই মাঠটি হাজারো ধর্মপ্রাণ মুসলি¬র পদচারণায় কানায় পূর্ণ হয়ে উঠবে।
‎
‎আয়োজক কমিটির কোষাধ্যক্ষ নাহিদুজ্জমান নাহিদ, মুস্তফিজুর রহমান, এবি সিদ্দিক মাস্টার,
‎তফাজ্জল হোসেন, প্রমূখ।
‎
‎এস এম মাসুদ রানা
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‎তারিখ : ১০/১১/২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


মিরপুরে সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এলাকায় মো. সিফাত হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন, যা প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলামের মাধ্যমে জানানো হয়।

২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার ঢাকার একটি আদালতে শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আসামি হিসেবে আরো রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সালাউদ্দিন মাহমুদ (এস এম) জাহিদ, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জিয়াউল হক জিয়া, মেহেদী হাসানসহ অন্যান্যরা।

গত ২৮ মে মামলাটির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান। তবে জিয়াউল হক জিয়া এবং মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় সিফাতের বাবা কামাল হাওলাদার অসন্তুষ্টি প্রকাশ করেন।

গত ১ সেপ্টেম্বর পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জমা দেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্ত কর্মকর্তা মামলার বিষয়বস্তু আমলে না নিয়ে এবং ঘটনাস্থল পরিদর্শন না করে আসামিদের পক্ষাশ্রিত হয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত শুনানির জন্য ৫ অক্টোবরের দিন নির্ধারণ করে। ওই দিন শুনানি শেষে আদালত পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এম. এস পাওয়ার এর সম্মুখে হাজার হাজার ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। ঠিক সেই সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান। বুলেট তার মাথার এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর সিফাতের বাবা কামাল হাওলাদার মামলাটি দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে তারেক রহমানের সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


রাবিতে তারেক রহমানের সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে একটি সেমিনার, যেখানে তারেক রহমান সরকারের বর্তমান পররাষ্ট্রনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের উদ্যোগে ডিনস কমপ্লেক্সে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কূটনীতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও অভিবাসনকে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

সেমিনারের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক প্রফেসর অধ্যাপক ড. আকমল হোসেন বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন হবে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো প্রভু থাকবে না, থাকবে কেবল বন্ধু।" তিনি উল্লেখ করেন যে, সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থনৈতিক কূটনীতিতে নতুন বাজার সৃষ্টি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও শিল্পে মূল্য সংযোজন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে ভারতের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রতিরোধে পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জন, সার্ককে কার্যকর করা, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকট সমাধান এবং দেশের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিকে পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা উচিত।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, "আইআর বিভাগ এক মাসে দুটি সেমিনারের আয়োজন করেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।" তিনি এ বিভাগে বিশ্ববিদ্যালয়ের অন্যতম যোগ্য ও দক্ষ শিক্ষকদের উপস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, "বাংলাদেশ ফার্স্ট’ নীতির মাধ্যমে কোনো দেশের প্রতি অধীনস্থ না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।" তিনি চীন ও জাপানের সঙ্গে সাম্প্রতিক চুক্তি ও সহযোগিতাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক কূটনীতি ও বাণিজ্যিক অংশীদারত্ব বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং ব্লু ইকোনমির উন্নয়নে গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আইআর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে অভিবাসন ও অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি সেমিনারে উপস্থিত সহকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক অধ্যাপক ড. আকমল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী কলেজে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন না করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মজিবর রহমান রাজার বিরুদ্ধে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও দিবসটি পালন করা হয়নি, এমনকি জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, দিবসটি পালনের জন্য গভর্নিং বডির সভাপতির কাছ থেকে আগেই প্রয়োজনীয় বাজেট অনুমোদন করিয়ে নেন অধ্যক্ষ। তবে ৭ নভেম্বর তিনি নিজে প্রতিষ্ঠানে উপস্থিত না থেকে অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় কলেজে দিবসটি পালিত হয়নি। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির এক সদস্য বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি। এমনকি সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি। অধ্যক্ষ তাঁর ব্যক্তিগত রাজনৈতিক চেতনা থেকে সুকৌশলে দিবসটি পালন করতে দেননি। এ বিষয়ে প্রতিবাদ জানালে তিনি আমার সঙ্গে রূঢ় আচরণ করেন।’
চরামদ্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান রুবেল অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মজিবর রহমান রাজা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে অতীতেও দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং চাকরি হারানোর ঘটনাও ঘটেছিল। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি পুনরায় স্বপদে বহাল হন।
বাদলপাড়া এলাকার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের পরও প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেননি। কিন্তু এখনো তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ উঠছে। রাষ্ট্রীয় কর্মসূচি পালনে অবহেলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মজিবর রহমান রাজা বলেন, ‘৭ নভেম্বর আমি বাকেরগঞ্জ ইউএনওর একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। কলেজে দিবসটি পালন হয়েছে কি না, তা সাংবাদিক কীভাবে জানলেন?’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান বলেন, ‘দুই দিন আগে অধ্যক্ষ ফোন করে দিবসটি পালনের জন্য ব্যয়ের বাজেট অনুমোদন করিয়েছেন। তবে তিনি ইউএনওর অনুষ্ঠানে থাকবেন, সেটিও আমাকে জানিয়েছিলেন। কলেজে অনুষ্ঠানটি হয়নি— এমন কোনো তথ্য আমার জানা নেই।’

 

 

 

 


সত্যতা যাচাই করতে পারেন:
গভর্নিং বডির সদস্য: 01717504568
ছাত্রদল নেতা রুবেল:01736390419
অধ্যক্ষ মজিবর রহমান:01742401640

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%