০৩:১০ পি.এম
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : শনিবার ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভের প্রাক্কালে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সংশ্লিষ্ট সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, কয়েক সপ্তাহ ধরে চলমান শিক্ষার্থী বিক্ষোভ সহিংস রূপ নিতে পারে।
এ পরিস্থিতিতে, প্রেসিডেন্ট নির্বাচনের পূর্ববর্তী ছয় মাস রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ নিষিদ্ধ করেছে নগর কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি প্যারিস থেকে এ খবর প্রকাশ করেছে। আট বছর আগে মাখোঁ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধের পক্ষ, হুথিদের অস্ত্রদাতারা মধ্যস্থতাকারী হতে পারে না: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
শনিবারের বিক্ষোভের কর্মসূচির নাম রাখা হয়েছে ‘ইয়েলো অ্যান্ড ইয়ুথ’ বা ‘হলুদ ও তরুণ’। আন্দোলনকারীরা শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, পেনশনভোগী ও কৃষকদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ফ্রান্স-২ টেলিভিশনে বলেন, ‘আমরা বিপুলসংখ্যক জনসমাগমের ধারণা করছি।’ পুলিশের একটি সূত্র এএফপি’কে জানায়, কর্তৃপক্ষের ধারণা, প্রায় ২ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিতে পারে। এর মধ্যে প্যারিসে ৪০ হাজারের মতো মানুষের উপস্থিতি থাকতে পারে।
মাখোঁ শান্ত থাকার এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে অবস্থানরত ফরাসি প্রেসিডেন্ট বলেন, বিক্ষোভের অধিকার রয়েছে, তবে মানুষের প্রতি এবং সম্পদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বও দেখাতে হবে।
সরকারের একজন মুখপাত্র মাখোঁর উদ্ধৃতি দিয়ে জানান, তিনি এ সপ্তাহে বলেছেন, শিক্ষার্থীদের ‘যৌক্তিক’ দাবিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মনে করেন।
আরও পড়ুন: ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় ৭১% মার্কিন নাগরিক: জরিপ
ফ্রান্সের উগ্র বাম ও উগ্র ডানপন্থী দলগুলোও এ অস্থিরতাকে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ হিসেবে গ্রহণ করেছে। উগ্র বামপন্থী দল ফ্রান্স আনবাউডের নেতা জ্যঁ-লুক মেলঁশ শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার তাদের সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভে তিনি অংশগ্রহণ করেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে এগিয়ে থাকা মেরিন ল্য পেন তাঁর ন্যাশনাল র্যালি দলকে পুলিশের পক্ষের শক্তি হিসেবে তুলে ধরেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ যুক্ত হলে আগামী এপ্রিল ও মে মাসে দুই দফায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে মাখোঁ সরকারের ওপর এর বড় প্রভাব পড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন