প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, এলাকাবাসীকে সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এগিয়ে আসতে হবে। সড়কগুলোর উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হচ্ছে কি না, তা তদারকি করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।
শনিবার মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
মন্ত্রী এসব উন্নয়নকাজের উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, নির্বাচনের সময় যখন আমরা মাঠে-ময়দানে ছিলাম, তখন এলাকাবাসীর অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই দাবি পূরণে আজ আমরা সড়ক উন্নয়নের কাজ শুরু করেছি। এজন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর নির্দেশনায় এসব সড়কের উন্নয়নকাজ শুরু হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের দলাদলিতে জড়ানো যাবে না। এলাকাবাসীকে নিজেদের এলাকার উন্নয়নকাজের বিষয়ে সচেতন থাকতে হবে এবং কাজের মান বুঝে নিতে হবে।’
উদ্বোধন করা তিনটি সড়কের মধ্যে রয়েছে, তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়ক, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়ক এবং গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়ক।
তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৭০০ মিটার এবং প্রস্থ ১২ ফুট। সড়কটির উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার বেশি। আগামী ৩০ মে ২০২৭ সালের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়কের এক কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় হবে ৮৬ লাখ ১৪ হাজার টাকার বেশি। আগামী ২ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা রয়েছে।
অন্যদিকে, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের আওতায় ১ হাজার ৪৮০ মিটার সড়ক সংস্কার করা হবে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ০৫ মিটার। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার বেশি। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, মানিকগঞ্জের রাস্তাঘাটসহ সব এলাকার উন্নয়নকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে মানিকগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। সম্পদের সীমাবদ্ধতা থাকায় সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে সব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জের উন্নয়নে যা যা প্রয়োজন, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আমি নিয়ে আসব। আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। ইনশাল্লাহ , মানিকগঞ্জের সব প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন