প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ৭ অক্টোবর, ২০২৬ : বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনার কার্যকারিতা, টেকসইতা ও আধুনিকায়ন বৃদ্ধির লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হয়েছে।
বুধবার রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার উদ্যোগে এবং সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকার সহযোগিতায় ৭ ও ৮ অক্টোবর দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান উপস্থিত ছিলেন। এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, বিএমডিএ’র সচিব মো. মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল আলী সরকার এবং নির্বাহী প্রকৌশলী এ.এস.এম দেলোয়ার হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন, সেচ ব্যবস্থার দক্ষ পরিচালনা, যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেচ ব্যবস্থার স্থায়িত্ব বৃদ্ধি করা সম্ভব। একইসঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় ও যান্ত্রিক ত্রুটি কমানো সম্ভব।
প্রধান অতিথি জাহাঙ্গীর আলম খান তার বক্তব্যে বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন অনেকাংশেই সেচ ব্যবস্থার ওপর নির্ভরশীল। সুতরাং সেচযন্ত্র ও সংশ্লিষ্ট অবকাঠামোর সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে সেচ ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনতে হবে। সেচযন্ত্রে ছোটখাটো ত্রুটি সময়মতো শনাক্ত ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা গেলে বড় ধরনের ক্ষতি এবং অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব। মাঠ পর্যায়ে কৃষক যেন নিরবচ্ছিন্ন ও সময়মতো সেচ সুবিধা পান, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
কোর্স সমন্বয়ক হিসেবে বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার নির্বাহী প্রকৌশলী মো. কাজী আশেকুর রহমান উপস্থিত ছিলেন। উপ-সহকারী প্রকৌশলী খান জাফরুল মেহেদী মাহমুদ, মেকানিক মো. হাবিবুর রহমান, সহকারী মেকানিক মো. আপেল মাহমুদ, কার্য-সহকারী মো. শাহ জামান, সহকারী মেকানিক মো. শহিদুল ইসলাম, মেকানিক সহকারী মো. জহিরুল ইসলামসহ রাজশাহী, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, চাটমোহর ও পাবনাসহ বিভিন্ন জোন ও রিজিয়নের মোট ৩০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিএমডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কারিগরি কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন