প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে, দাম প্রত্যাশার তুলনায় কমেনি। গত এক সপ্তাহে টমেটো, ফুলকপি ও বাঁধাকপির দাম কিছুটা কমলেও, তা এখনও ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। বরং, বেগুনের দাম বেড়ে গেছে। মাছের বাজারে কিছুটা দরপতন হলেও ক্রেতাদের জন্য স্বস্তি নেই। মাংসের বাজারেও তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর নতুন বাজার, মিস্ত্রীপাড়া ও জোড়াকল বাজার পরিদর্শন করলে এ চিত্র দেখা যায়।
খুলনার বিভিন্ন খুচরা সবজির বাজারে, আকারভেদে, ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। ওলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।
তবে, দাম কমলেও পেঁয়াজকলির ক্ষেত্রে স্বস্তি ফিরছে না। গত সপ্তাহে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজকলি শুক্রবার সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচামরিচের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। আগের সপ্তাহে ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ প্রকারভেদে এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, গাজর ১০০ টাকা এবং টমেটো ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম গত সপ্তাহের কাছাকাছি রয়েছে।
বেগুনের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। করলা, বরবটি, শিম ও কুমড়ার দাম আগের মতোই রয়েছে।
বিক্রেতাদের মতে, বাজারে এখনো পুরোপুরি নতুন শীতকালীন সবজি আসেনি। সরবরাহ বৃদ্ধি পেলে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।
মাছের বাজারেও কিছুটা দাম কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হলেও, বর্তমানে তা ২৫০ থেকে ২৮০ টাকায় পাওয়া যাচ্ছে। কাতলা মাছের দাম ৩০০ থেকে ৩২০ টাকা থেকে কমে ২৮০ টাকায় নেমেছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। বোয়াল মাছের দামও কিছুটা কমেছে। তবে, অন্যান্য মাছের উচ্চমূল্যে ক্রেতারা এখনও বিপাকে রয়েছেন।
নতুন বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আরাফাত হোসেন জানান, ‘এত এত শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে, কিন্তু দাম কিছুতেই কমছে না। সবজি কিনতেই যদি পকেট ফাঁকা হয়ে যায়, তাহলে অন্য বাজার কীভাবে করব?’
একই বাজারের আরেক ক্রেতা গৃহিণী মাসুমা আক্তার বলেন, ‘প্রতি সপ্তাহে মাছের বাজারে আসি, কিন্তু না কিনেই ফিরে যেতে হয়। আজ কিছুটা বেশি দাম দিয়ে রুই মাছ কিনেছি। একটু দাম কমায় রুই মাছ কিনতে পেরেছি। ভেটকি, চিংড়ি মাছের দাম তো অনেক বেশি।’
ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে তেমন স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন