প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি মাসে শুরু করার পরিকল্পনা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ফেব্রুয়ারি মাসে নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভা আয়োজন করে, যেখানে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এদিকে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে ইউজিসি। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রথম বর্ষে ভর্তির সব আসন পূরণ করা এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু ও শেষ করা। ভর্তি পরীক্ষার মানোন্নয়ন এবং ভর্তিপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর জন্য ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।
সভায় দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। পরে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কিন্তু অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি এবং বিষয় পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর আসন পূরণে জটিলতা সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
তিনি বলেন, "ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।" তিনি আরও বলেন, "শুধু সমস্যা তুলে ধরলে হবে না, সমাধানের পথও বের করতে হবে।"
এ জন্য উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি। গবেষণার জন্য আলাদা অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
অধ্যাপক মামুন আহমেদ উল্লেখ করেন, "শুধু কিউ-১ ও কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের ওপর গুরুত্ব না দিয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যার সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দিতে হবে।"
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন