প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কেন্দুয়ায় বিনা মূল্যে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে মো. ইব্রাহিম খলিল (৩৫) নামের এক মুদি দোকানির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ ইব্রাহিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনেরা।
এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। ইব্রাহিম খলিল ওই বাজারের কেন্দুয়া–আঠারোবাড়ী সড়কের পাশে ‘ইসরাত জাহান স্টোর’ নামে একটি মুদি দোকান চালান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সুমন ওই দোকানে এসে বিনা মূল্যে সিগারেট চান। ইব্রাহিম সিগারেট দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন দোকানে রাখা পেট্রল ইব্রাহিমের দিকে ও দোকানের সামনে ছিটিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আগুনে ইব্রাহিমের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইব্রাহিমের ভাই মো. লাদেন মিয়া বলেন, আগুনে তাঁর ভাইয়ের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ ঘটনায় দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।
ঘটনার পর কেন্দুয়া থানা–পুলিশ অভিযানে নামে। পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রাত ১২টা ৫০ মিনিটের দিকে পার্শ্ববর্তী সহিলাটি গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার পর সাহিতপুর বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দিলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন