প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় প্রাণ গেল আরও এক শ্রমিকের। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন ২২ বছর বয়সী সেলিম হাওলাদার। সাভারের একটি জুতা কারখানার এই শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে। সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা।
সেলিম হাওলাদার মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের রহিম হাওলাদার ও সেলিনা বেগমের ছেলে। পরিবারের অভাব ঘোচাতে মাত্র ১৫ হাজার টাকা মাসিক বেতনে সাভারের ট্রেন্ট সুজ নামের একটি জুতা কারখানায় কাজ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সেলিম।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করছে সেলিমের পরিবার। গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সেলিমকে মারধর করা হয় বলে অভিযোগ স্বজনদের।
তাঁদের অভিযোগ, অন্য একটি পোশাক কারখানার শ্রমিকদের মারধরে গুরুতর আহত হন সেলিম। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৭ নভেম্বর) ভোরে তাঁর মৃত্যু হয়।
সেলিমের মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারে। যে ছেলেকে ঘিরে বাবা-মায়ের ছিল হাজারো স্বপ্ন, সেই সন্তানের কবরের পাশে এখন শুধুই আহাজারি। ছেলের শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা সেলিনা বেগম। বাবা রহিম হাওলাদারও ছেলের স্মৃতি মনে করে বাকরুদ্ধ হয়ে পড়ছেন।
সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে সেলিমের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সেলিমের স্বজন ও এলাকাবাসী। তাঁদের দাবি, কর্মস্থল থেকে ফেরার পথে একজন শ্রমিকের ওপর এমন হামলা ও পরিণতিতে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন