প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের পতাকা হাতে সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে অনুষ্ঠিত ৩৩তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে দৌড়ানোর গৌরব অর্জন করেছেন জার্মানির মিউনিখে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী দৌড়বিদ শিব শংকর পাল।
শনিবার, বিশ্বের ৬৬টিরও অধিক দেশের প্রায় ৪০০০ এ্যাথলেটের সাথে পৃথিবীর অন্যতম সুন্দরতম ম্যারাথন, সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে অনুষ্ঠিত ইয়ুংফ্রাউ দূরপাল্লার এই ম্যারাথনে ৪২.২ কিলোমিটার পাহাড় পর্বত ঘেরা উঁচুনিচু পথ সাফল্যের সাথে অতিক্রম করে ফিনিশিং লাইন অতিক্রম করেন শিব শংকর।
ইউরোপের আল্পস পর্বতমালার অন্যতম উচ্চতম পর্বত ইয়ুংফ্রাউ, যা চার হাজার মিটারেরও অধিক উচ্চতায় অবস্থিত। এই পর্বতের ৫৬৮ মিটার উচ্চতার একটি ক্যাম্প থেকে শুরু করে বইনিংগেন, ভিল্ডার্সভিল, ৮১২ মিটার উচ্চতার লাউটারব্রুনেন পয়েন্ট, ১২৮৩ মিটার উচ্চতার ভেনগেন পর্বত এবং সর্বোচ্চ পর্বতমালা ২৩২০ মিটার উচ্চতায় আইগারগ্লেটশার নামক স্থানে এসে শিব শংকর সময় নিয়েছেন সাড়ে তিনঘন্টার কাছাকাছি।
ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণকারী শিব শংকর একজন সৌখিন দৌড়বিদ। তাঁর একটি প্রধান ইচ্ছা হলো বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বনামধন্য ম্যারাথনগুলোতে অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উঁচু করা। শিব শংকর একমাত্র বাংলাদেশি যিনি আন্তর্জাতিক বিভিন্ন ম্যারাথনে শতাধিকবার অংশ নিয়ে গৌরবের সাথে ফিনিশিং লাইন অতিক্রম করেছেন।
দৌড় শেষ করার পর শিব শংকর পাল জানান, "বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার মত অহংকারের আর কিছুই হতে পারেনা।" তিনি বলেন, "এই ম্যারাথনটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সুন্দর তবে কঠিন সব পর্বতমালা পাড়ি দেয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়ার মত সুন্দর বিষয় আর কিছুতেই হতে পারেনা।"
তিনি আরও জানান, "আমি ১০ম বারের মত এই ম্যারাথনেই অংশ নিয়েছি। এই স্ট্রেকেটা আমার প্রিয়।" সৌখিন দৌড়বিদ শিব শংকর জানান, এটি তাঁর ১৪৩তম আন্তর্জাতিক ম্যারাথন।
ম্যারাথনে সুইজারল্যান্ডের স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটক এবং শিব শংকরের স্ত্রী শিখা শংকর পালসহ তাঁর সন্তানরাও উপস্থিত ছিলেন।
সৌখিন এই দৌড়বিদ তাঁর ক্যারিয়ার গড়তে ১৯৮৯ সালে জার্মানিতে পাড়ি জমান। ১৯৯৯ সালে জার্মানির মিউনিখে পাল ইলেক্ট্রো নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বেশ কয়েকবার জার্মানির মিউনিখ শহর কর্তৃপক্ষ তাঁকে সফল ব্যবসায়ী হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন