প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে বিরোধের ফলস্বরূপ নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ এবং আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাস না পেয়ে তারা বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে কয়েক দফা যানবাহন বদল করে গন্তব্যে যেতে হচ্ছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি ভাড়া দ্বিগুণ গুনতে হচ্ছে তাদের।
সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বাস। স্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করছেন।
নিয়ামতপুর উপজেলা থেকে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে নওগাঁ শহরে এসেছেন খয়বর রহমান। তিনি জানান, ‘সকালে নিয়ামতপুর স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো বাস ছাড়ছে না। পরে তিন দফায় ব্যাটারিচালিত রিকশা বদলে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার জায়গায় ২৫০ টাকা ভাড়া গুণতে হলো, সময়ও লেগেছে দ্বিগুণ। বাড়ি ফেরার পথেও একই দুর্ভোগ পোহাতে হবে।’
সকালে জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নওগাঁ শহরের বাসিন্দা মমতাজ। তিনি বলেন, ‘এটা যেন এখন নিয়মে পরিণত হয়েছে। কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হলো। সেই রেশ কাটতে না কাটতেই আজ আবার হঠাৎ ধর্মঘট। ওনাদের নিজেদের মধ্যে ঝামেলা হলেই কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেন, আর তার খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ যাত্রীদের।’
ধর্মঘটের কারণ সম্পর্কে জানতে চাইলে জেলা মোটর শ্রমিক নেতা কালিমি বাবু জানান, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশাচালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন