ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

কুষ্টিয়ায় মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি


কুষ্টিয়ায় মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

কুষ্টিয়া শহরের একটি মাদরাসায় শিক্ষার্থীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্থানীয়রা এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আবির হাসান (২৩) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শিশুটিকে মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় ভর্তি করান তার মা-বাবা। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও এর পর থেকে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। বাড়িতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠলেও মাদরাসায় পাঠানোর পর ফের অসুস্থ হয়ে পড়ত। এক পর্যায়ে সে মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়।

আরও পড়ুন: খুলনায় আ. লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি গ্রেপ্তার

পরিবারের অভিযোগ, মাদরাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া ও পেট ব্যথার মতো উপসর্গ দেখা দিত। সন্তানের শরীরে নির্যাতনের চিহ্ন ও অসুস্থতার বিষয়টি জানাতে মাদরাসায় যান ওই শিক্ষার্থীর মা। এ সময় আবির হাসান নামের ওই শিক্ষক শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আবির হাসানের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এক পর্যায়ে শিশুটির নির্যাতনের অভিযোগ সামনে এলে উত্তেজিত স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ভয়ে প্রথমে তার সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে সে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, একজন আটক

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নকলায় তরুন সাংবাদিক মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড় ও মোমবাতি, চিরকুটে ‘বিশেষ উপহার,

আন্তর্জাতিক ডেস্ক

‎ মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


শেরপুরে নকলায় তরুন সাংবাদিক মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড় ও মোমবাতি, চিরকুটে ‘বিশেষ উপহার,

শেরপুরের নকলা উপজেলায় দৈনিক বাংলা পত্রিকার সাংবাদিক ও নকলা উপজেলা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো. মামুন মিয়াকে ঘিরে রহস্যজনক হুমকির ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর বাসার সামনে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা এবং সত্য প্রকাশের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
‎
‎জানা যায়, দীর্ঘদিন ধরে নকলা উপজেলায় মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন মো. মামুন মিয়া। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার কারণে বিভিন্ন সময়ে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব চাপ ও ভয়ভীতিকে উপেক্ষা করেই পেশাগত দায়িত্ব পালনে অবিচল রয়েছেন তিনি।
‎
‎অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তাঁকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে তাঁর বাসার সামনে একটি লাল ব্যাগ রেখে যায়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে ব্যাগটি দেখতে পান সাংবাদিক মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে দেখতে পান, এর ভেতরে কাফনের কাপড়, মোমবাতি এবং একটি চিরকুট রয়েছে। চিরকুটে লেখা ছিল—আপনার জন্য বিশেষ উপহার, আপনি ভালো হয়ে যাবেন।’
‎
‎এমন বার্তাকে নিছক উপহার হিসেবে দেখার সুযোগ নেই। কাফনের কাপড় ও মোমবাতির সঙ্গে এমন চিরকুট রেখে যাওয়ার ঘটনা একজন সাংবাদিককে ভয় দেখানো এবং তাঁর পেশাগত স্বাধীনতার ওপর চাপ সৃষ্টির অপচেষ্টা কি না, তা তদন্তের মাধ্যমে বের করা জরুরি।
‎
‎ঘটনাটি দেখতে পেয়ে সাংবাদিক মামুন মিয়া তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে থাকা সামগ্রী পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
‎
‎এ বিষয়ে সাংবাদিক মো. মামুন মিয়া জানান, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখার কারণেই তাঁকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তাঁর কলম থেমে থাকবে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
‎
‎এদিকে একজন সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, প্রশ্ন তোলা কোনো অপরাধ নয়, আর জনস্বার্থে সত্য তুলে ধরা কোনোভাবেই ভীতির কারণ হতে পারে না। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা মানসিক চাপে রাখার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত।
‎
‎সাংবাদিকের হাতে থাকা কলমকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আজ মামুন মিয়া, আগামীকাল অন্য কোনো সাংবাদিক—এভাবে যদি ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি চলতে থাকে, তাহলে মাঠপর্যায়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরিবেশ সংকুচিত হয়ে পড়বে।
‎
‎এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি,
‎
‎তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে এমন সামগ্রী রেখে গেছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত হুমকি রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
‎
‎সাংবাদিক মামুন মিয়ার নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন তাঁরা।
‎
‎সত্য প্রকাশের পথ কখনো হুমকির কাছে পরাজিত হতে পারে না। কাফনের কাপড় কিংবা ভয়ভীতির চিরকুট দিয়ে কলমের শক্তিকে স্তব্ধ করার অপচেষ্টা বন্ধ হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি নিয়ে বিতর্কিত প্রশ্ন উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি নিয়ে বিতর্কিত প্রশ্ন উঠেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই ঘটনাকে শর্টসার্কিটজনিত দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন, কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পর্যবেক্ষণ ভিন্নমত পোষণ করছে।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, এটি শর্টসার্কিটের কারণে ঘটেছে। তিনি আরও জানান, বাড়িটি অনেকটা পরিত্যক্ত এবং বৈদ্যুতিক তারের সংযোগ পুরোনো হওয়ায় শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে।

তবে মন্ত্রীর এই বক্তব্য নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, একজন দায়িত্বশীল মন্ত্রী তার অধীনস্থ সংস্থা বিজিবির একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন সংসদে উদ্ধৃত করেছেন, যা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের কাজের মধ্যে পড়ে না। এটি বিজিবির রুলস অব বিজনেসের পরিপন্থি কাজ এবং পেশাদারিত্বের জন্যও তা অনুচিত। অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিশেষজ্ঞ জনবল ও কারিগরি সক্ষমতা রয়েছে। তাই অন্য একটি সংস্থার প্রাথমিক পর্যবেক্ষণ সংসদে তুলে ধরা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

অপরাধ বিশ্লেষকরা মন্তব্য করেছেন, মন্ত্রীর বক্তব্য যদি সঠিক ধরে নেওয়া হয়, তাহলে এটি একটি দুর্ঘটনা। কিন্তু এখানে এজাহারনামীয় আসামিসহ মামলা হয় কীভাবে? মামলায় বিস্ফোরক পদার্থ ব্যবহার করে জেনেশুনে ক্ষতিসাধন ও হত্যাচেষ্টার ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে মামলার ভবিষ্যৎ তদন্তও প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান আমার দেশকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত জনবল রয়েছে। এ ধরনের ঘটনায় তাদের দিয়েই কারণ অনুসন্ধান করা উচিত। অন্য কোনো সংস্থার নিজস্ব এখতিয়ারের বাইরে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ বা প্রতিবেদন দেওয়া যুক্তিযুক্ত নয়। এটি সংশ্লিষ্ট সংস্থাগুলোর পেশাদারিত্বের সঙ্গেও সংগতিপূর্ণ নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন পরিচালক বলেন, অনেক সময় কোনো কোনো সংস্থার সদস্যরা অতি উৎসাহী হয়ে বাহবা পাওয়ার আশায় আগাম বক্তব্য দেন, যা কাম্য নয়। পুলিশ বা অন্য কোনো সংস্থা অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিবেদন তৈরি করলেও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়। কুষ্টিয়ার একজন নারী সংসদ সদস্যের বাড়িতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস সবার আগেই পৌঁছায়। প্রতিষ্ঠানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায় মন্ত্রীর নির্দেশে চাইলে দ্রুতই প্রাথমিক প্রতিবেদন দেওয়া সম্ভব ছিল।

বিদ্যুৎ বিভাগের ভিন্ন পর্যবেক্ষণ

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগেরও কারিগরি সক্ষমতা রয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আগুন লাগার অন্য কোনো কারণ থাকতে পারে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে তার মতামত তুলে ধরেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনার রাতেই তারা বাড়িটি পরিদর্শন করেন। সেখানে বৈদ্যুতিক মিটার অক্ষত পাওয়া যায়। বাড়িতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজও অক্ষত ছিল।

তিনি আরো বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মিটার বা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই তাদের পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

মামলায় বিস্ফোরক আইনের ধারা

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটের সম্ভাবনার কথা বললেও এ ঘটনায় নুসরাতের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারা যুক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় রেকর্ড হওয়া মামলাটিতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের জেলা সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, যুবলীগের জেলা সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং স্বেচ্ছাসেবক লীগের দৌলতপুর উপজেলা সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এজাহারে নুসরাত উল্লেখ করেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তারা বসতঘর, উঠান ও আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এজাহারে আরো অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন। ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৪৩৬, ৪২৭, ৪২৯ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ৪৩৬ ধারায় আগুন দিয়ে অথবা কোনো বিস্ফোরক পদার্থ ব্যবহার করে জেনেশুনে ক্ষতিসাধন এবং ৩৪ ধারায় সংঘবদ্ধ চক্র ও বিস্ফোরক দ্রব্য আইন যুক্ত করা হয়েছে। মামলার এই ধারাগুলো যুক্ত হওয়া মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে বৈপরিত্য তৈরি হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ডিআইজি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনার একটি ধারণা তৈরি হয়েছে। অথচ একই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে তদন্তের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাছাড়া এই মামলার চার্জশিট হলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কারণে আসামিদের আদালতে বিশেষ সুবিধা পাওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশের সাবেক একজন অতিরিক্ত আইজিপিও নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে আগুন লাগানো হয়েছে, নাকি দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন বলে উল্লেখ করেছেন; অন্যদিকে একই বক্তব্যে দুইবার শর্টসার্কিটের সম্ভাবনাকে গুরুত্ব দিয়েছেন। এতে তদন্ত সংস্থার ওপর নির্দিষ্ট একটি সিদ্ধান্তে পৌঁছানোর প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফরেনসিক পরীক্ষার ওপর গুরুত্ব

অপরাধ বিশ্লেষকদের মতে, ঘটনাস্থলে পেট্রোলবোমার আলামত না পাওয়া গেলেই পরিকল্পিত অগ্নিসংযোগের সম্ভাবনা নাকচ করা যায় না। পেট্রোলবোমা ছাড়াও অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, বাইরে থেকে নিক্ষিপ্ত কোনো বস্তুর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। এজন্য ঘটনাস্থল থেকে রাসায়নিক নমুনা সংগ্রহ ও ফরেনসিক পরীক্ষা প্রয়োজন।

নুসরাত গতকাল অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিসের পানি ব্যবহারের কারণে ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়েছে। এ ছাড়া ফরেনসিক বিশেষজ্ঞরা প্রায় ১৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাইরে থেকে কোনো বস্তু নিক্ষেপের পরপরই বাড়িতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। ভিডিওর দৃশ্য সত্য হলে শর্টসার্কিটের সম্ভাবনার পাশাপাশি বাইরে থেকে দাহ্য পদার্থ নিক্ষেপের বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। তিনি আরো বলেন, ঘটনার আগে নুসরাতকে ফোনে হামলার হুমকি দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম আমার দেশকে বলেন, এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, তারা বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি তার করা মামলাটিও পুলিশ তদন্ত করছে। কারও দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী

সাংবাদিকতায় সাহসিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন নাসিরনগরের সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী।

গত বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা স্মারকটি প্রদান করেন সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। তিনি দৈনিক তালাশ নিউজ, চেকপোস্ট ও দৈনিক সকালবেলা পত্রিকার পাশাপাশি সত্য সনাতন টিভির সঙ্গে যুক্ত রয়েছেন।

সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, সাংবাদিকতায় সাহসিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিহারেন্দু চক্রবর্তীকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সত্য প্রকাশে কলমকে সাহসী রাখা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন নিহারেন্দু চক্রবর্তী। বিভিন্ন সামাজিক সমস্যা, জনদুর্ভোগ এবং এলাকার গুরুত্বপূর্ণ ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে তিনি সাংবাদিকতা করে আসছেন।

সাংবাদিকতার প্রতি তাঁর নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানান আয়োজক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন।

এ সম্মাননা নিহারেন্দু চক্রবর্তীর সাংবাদিকতা জীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে এবং আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর কলম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


পেন্টাগনের বাজেট থেকে ইসরাইলকে বাদ দিতে চায় ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পর, পেন্টাগনের প্রতিরক্ষা বাজেট থেকে ইসরাইলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও অস্ত্র উৎপাদন সহযোগিতার উদ্যোগ বাদ দেওয়ার পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরা। দলটির নেতাদের প্রতি নীতিবিশ্লেষক ও অধিকারকর্মীরা আহ্বান জানিয়েছেন, ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিল (এনডিএএ) পাসের ক্ষেত্রে নিজেদের ভোটকে কাজে লাগানোর জন্য।

নীতিবিশ্লেষকরা মনে করেন, বিলটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক সহযোগিতার ধারা বাদ না দেওয়া পর্যন্ত ডেমোক্র্যাটদের এর অগ্রগতি আটকে রাখা উচিত। চলতি বছরের শুরুতে ডেমোক্র্যাট নেতৃত্ব ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের এই বিশাল প্যাকেজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পরিকল্পনার বড় অংশের অর্থায়নের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘ট্রাম্প-ক্লাস’ যুদ্ধজাহাজ নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, সম্পূরক কয়েকটি বিলেও এসব পরিকল্পনার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি রয়েছে। ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা এই বিলের বিরোধিতার কারণ হিসেবে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত সংকটের কথা তুলে ধরেছেন। তবে সংশ্লিষ্ট কর্মী ও নীতিবিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিরক্ষা শিল্পকে একীভূত করার উদ্যোগের বিরুদ্ধেও দলটির নেতৃত্বকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

সিনেটে বর্তমানে বিবেচনাধীন বিলটির ২১৯ নম্বর ধারায় ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা উদ্যোগ’ নামে একটি কর্মসূচি গঠনের প্রস্তাব রয়েছে। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, মূল্যায়ন, সমন্বয় এবং শিল্প খাতের সহযোগিতা সম্প্রসারণ ও ত্বরান্বিত করা। নীতিনির্ধারণী সংগঠন ডিমান্ড প্রগ্রেসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা কাভান খাররাজিয়ান আলজাজিরাকে বলেন, এনডিএএ বিলের পক্ষে ডেমোক্র্যাটদের ভোট পেতে হলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এসব পরিবর্তনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক একীভূতকরণের উদ্যোগ বাদ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিধান অন্তর্ভুক্ত থাকা উচিত।

পেন্টাগনের বাজেটের বিরোধিতা করা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিকভাবেই স্পর্শকাতর বিষয়। এ ধরনের বিরোধিতাকে অনেক সময় সামরিক বাহিনীর প্রতি সমর্থনের অভাব হিসেবে দেখা হতে পারে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গত মে মাসে প্রতিরক্ষা বাজেটের একটি সংস্করণ পাস হলেও জুলাইয়ে সিনেটে প্রক্রিয়াগত ভোটের মাধ্যমে বিলটির অগ্রগতি আটকে দেয় ডেমোক্র্যাটরা।

বর্তমানে বিলটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় সীমিত। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পেন্টাগনের বর্তমান অস্থায়ী অর্থায়নের মেয়াদ রয়েছে। ওই সময়ের মধ্যে অর্থায়ন অব্যাহত রাখতে কংগ্রেসকে নতুন করে অস্থায়ী অর্থায়ন বিল অথবা পূর্ণাঙ্গ এনডিএএ পাস করতে হবে। খাররাজিয়ানের মতে, এনডিএএ পাস করতে সিনেটে ৬০টি ভোট প্রয়োজন হওয়ায় কংগ্রেসের চলতি অধিবেশনের শেষ দিনগুলোতে ডেমোক্র্যাটদের প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে। অন্যদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার আগে বিলটি পাস করাতে রিপাবলিকানদের হাতে সময় কম।

তিনি বলেন, বিতর্কিত ধারাগুলো বাদ না দেওয়া পর্যন্ত এনডিএএ বিলের অগ্রগতি আটকে রাখার ক্ষমতা ডেমোক্র্যাটদের রয়েছে। তাই পরিবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলটি বিবেচনার জন্য এগিয়ে নিতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি তাদের দিতে হবে। শুধুমাত্র সংশোধনী প্রস্তাবের ওপর ভোট করানো যথেষ্ট নয়। এরপরও যদি বিতর্কিত ধারাগুলো বহাল রেখে বিলটি এগিয়ে যেতে দেওয়া হয়, তাহলে সেই উদ্যোগের কোনো কার্যকর ফল হবে না।

নির্বাচনে সাফল্যের পর ভোটারদের জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত উদ্বেগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার চাপ রয়েছে ডেমোক্র্যাটদের ওপর। এ কারণে এনডিএএ এবং এর সঙ্গে সম্পর্কিত সম্পূরক বিলগুলোতে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। প্রতিরক্ষা খাতের বিশ্লেষকেরা ধারণা করছেন, পেন্টাগনের অর্থায়নে বড় ধরনের কাটছাঁট আসতে পারে। এর মধ্যে ৩৬ হাজার কোটি ডলারের একটি সম্পূরক অর্থায়ন প্যাকেজও রয়েছে, যেটির অগ্রগতি আটকে আছে। তবে এই পরিবর্তনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক প্রযুক্তি উন্নয়ন সহযোগিতার উদ্যোগ বাদ দেওয়ার বিষয়টি থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত ৩ নভেম্বরের নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এক বিবৃতিতে বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আরো বাস্তবসম্মত ও টেকসই পদ্ধতি গ্রহণ করতে হবে। এমন প্রতিরক্ষা বাজেটের প্রয়োজন নেই, যার পরিমাণ ১ লাখ কোটি ডলারের বেশি। আবার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কর্মসূচিতে কঠোর ব্যয়সংকোচনের মাধ্যমে সেই বাজেটের অর্থ জোগানোর ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়।

স্মিথের বক্তব্যের সঙ্গে সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমারের আগের অবস্থানের মিল রয়েছে। গত জুলাইয়ে সহকর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে শুমার বলেছিলেন, রিপাবলিকানরা এমন একটি পেন্টাগন অর্থায়ন বিল আনতে চাইছেন, যার মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে আরো কয়েক শ কোটি ডলার ঢালা হবে। অথচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়গুলো অপেক্ষায় পড়ে আছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক প্রযুক্তি উন্নয়ন একীভূত করার প্রস্তাবটি প্রথমে সমর্থন করেছিলেন অ্যাডাম স্মিথ। পরে তিনি নিজের অবস্থান পরিবর্তন করে এর বিরোধিতা করেন। তবে শুমার এবং প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস এখনো এ বিষয়ে প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাননি। তারা দুজনই নিজ নিজ কক্ষে দলের নেতৃত্বের পদ ধরে রাখার চেষ্টা করছেন।

সমালোচকদের আশঙ্কা, প্রস্তাবিত উদ্যোগটি কার্যকর হলে পেন্টাগনের জন্য ইসরাইলকে মার্কিন করদাতাদের অর্থায়নে সহায়তা দেওয়ার একটি নতুন পথ তৈরি হবে। যৌথভাবে সামরিক প্রযুক্তি ও অস্ত্র উন্নয়নের প্রকল্পের আড়ালে এই সহায়তা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কংগ্রেসের নজরদারি এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া এই উদ্যোগের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান পরিবর্তন করাও কঠিন হয়ে পড়তে পারে। কারণ, ইসরাইলে তৈরি সামরিক প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমালোচক আইনপ্রণেতারা লিখেছেন, এ ধরনের উদ্যোগ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বিশেষ করে গাজা, পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরাইল সরকার যেসব নীতি অনুসরণ করছে, সেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মূল্যবোধের অসংগতি রয়েছে। তাদের মতে, এমন পরিস্থিতিতে দুই দেশের সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা উৎপাদনব্যবস্থাকে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা উচিত নয়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%