বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:১৮ পি.এম
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখযোগ্যভাবে, এমন তথ্য প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান পর্যালোচনা করে এই চিত্র প্রকাশ করেছে কমিটি। একইসঙ্গে, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান এবং উভয় বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অপরাধসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। এসব পরিসংখ্যানে ডাকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার, দাঙ্গা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, সিঁধেল চুরি, পুলিশের ওপর হামলা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য ও চোরাচালানসংক্রান্ত অপরাধের তথ্য অন্তর্ভুক্ত ছিল।
উপস্থাপিত তথ্য-উপাত্তে আগের বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির চিত্র উঠে আসে। বৈঠকে উপস্থিত কমিটির সদস্যরা এ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ এবং দমনে গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ ও সাইবার অপরাধ দমনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়। এ সময় সাইবার অপরাধ মোকাবিলায় পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনসহ সংশ্লিষ্ট উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করে কমিটি। অপরাধের ধরন ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম রাজধানী ঢাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত কার্যক্রম এবং এ-সংক্রান্ত অগ্রগতি তুলে ধরেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে, যা ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি ও আরএসএসের কার্যকলাপের অনুরূপ।
বৃহস্পতিবার তিনি এক বক্তব্যে এই অভিযোগ তুলে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।
নাছির উদ্দীন নাছির বলেন, ‘বাংলাদেশের মানুষ বছরের পর বছর ধরে যে অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে আসছে, একটি চক্র সুপরিকল্পিতভাবে তা ধ্বংস করতে চাইছে।’
ভারতের উদাহরণ উল্লেখ করে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের বিজেপির অন্ধ সমর্থক গোষ্ঠী আরএসএস যেভাবে সেখানে সাম্প্রদায়িক বন্ধন নষ্ট করতে তৎপর, ঠিক একইভাবে বাংলাদেশেও জামায়াত-শিবির সেই একই কায়দায় সম্প্রীতি বিনষ্টের পায়তারা চালাচ্ছে।’
তিনি আরও দাবি করেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে লক্ষ্য করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির অপতৎপরতা চালানো হচ্ছে। সম্প্রীতিবিরোধী যেকোনো ষড়যন্ত্র রাজপথে রুখে দিয়ে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করতে ছাত্রদল বদ্ধপরিকর বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়া ইউরোপ-আমেরিকা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সমীকরণের ইঙ্গিত প্রদান করে ডিজেল সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করছে। রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, চুক্তি সম্পন্ন হলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে রাশিয়ার প্রথম ডিজেল চালান পৌঁছাতে পারে।
মস্কোয় চলমান রুশ জ্বালানি সপ্তাহ (Russian Energy Week) আন্তর্জাতিক ফোরামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন। নোভাক বলেন, চালান পাঠানোর জন্য প্রথমে চুক্তি স্বাক্ষর, জ্বালানি লোড করা, জাহাজ ভাড়া করা এবং ক্রেতার কাছে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যার জন্য ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন। তাই চুক্তি দ্রুত চূড়ান্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে গত ৯ অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়, যেখানে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ নিয়ে আলোচনা হয়েছিল। ওই ফোনালাপে পুতিন যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে তেল এবং পেট্রোলিয়াম পণ্য সরবরাহে মস্কোর প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
নোভাক জানান, নির্ধারিত সময়ের আগেই ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মস্কো। চলতি অক্টোবরে ৩ লাখ টন ডিজেল সরবরাহের প্রস্তুতি রয়েছে রাশিয়ার। এছাড়া নভেম্বরে এই পরিমাণ বাড়িয়ে ৫ লাখ টন এবং ডিসেম্বরে ১০ লাখ টনে উন্নীত করা হবে। পরবর্তীতে মাসিক সরবরাহ ৩০ লাখ টনে পৌঁছাতে পারে।
এদিকে ট্রাম্প প্রশাসন ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত বৈশ্বিক বাজারে রুশ ডিজেল সরবরাহের অনুমোদন দিয়ে একটি সাধারণ লাইসেন্স জারি করেছে।
উল্লেখ্য, ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মস্কোয় রুশ জ্বালানি সপ্তাহ (REW) আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। রুশ সরকার, জ্বালানি মন্ত্রণালয় এবং মস্কো সরকারের সহায়তায় রোসকংগ্রেস ফাউন্ডেশন এই ফোরামের আয়োজন করেছে এবং তাস (TASS) এর তথ্য অংশীদার হিসেবে রয়েছে। সূত্র: তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় বহুসাংস্কৃতিক বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দর্শনার্থীদের জন্য গ্লোবাল ভিলেজের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এবারের মৌসুমের মূল থিম হচ্ছে ‘আরো সুন্দর এক পৃথিবী’ বলে ঘোষণা করা হয়েছে।
উদ্বোধনী দিনে দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল নানা বর্ণিল কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি সংগীত, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের আনন্দিত করে। কনফেটি ছড়িয়ে উদযাপন করা হয় এবং রাতের আকাশে ৬০০টি ড্রোনের বিশেষ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ বাড়ায়।
গ্লোবাল ভিলেজ বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য, খাবার এবং বিনোদনকে একত্রে উপস্থাপন করার জন্য বিখ্যাত। এখানে দর্শনার্থীরা এক স্থানে বিশ্বের নানা দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান।
নতুন সাজসজ্জা, বর্ণিল আয়োজন এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে ৩১তম মৌসুমে দর্শকদের আকৃষ্ট করার জন্য প্রস্তুত রয়েছে দুবাইয়ের এই জনপ্রিয় বিনোদনকেন্দ্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা ও বিতর্কিত আইজিপির বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
দুদক বলেছে, বিভিন্ন অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলছে। কিছু অভিযোগের ক্ষেত্রে যৌথ তদন্ত দল বা জেআইটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব দলের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দুদক আরও জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।
তিনি জানান, নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর ৪১ দিনে ১২১টি মামলা ও ৬১টি অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সময়ে দুর্নীতির অভিযোগে সম্পদ ক্রোক, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং দেশজুড়ে অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।
তিনি আরও জানান, দেশজুড়ে ৬১টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা এবং একটি ফাঁদ মামলা করা হয়েছে। একই সময়ে আদালতের মাধ্যমে দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট ৬৮ ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক কিংবা অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। একই সঙ্গে ২২ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের কাজও চলছে। আইন অনুযায়ী, সব প্রক্রিয়া অনুসরণ করেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের দায়িত্বে পৃথক কর্মকর্তা রয়েছেন। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এ বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে যেসব উল্লেখযোগ্য কার্যক্রম হয়েছে, সেগুলোর তথ্যই ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছে। কমিশনের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম নিজস্ব গতিতে চলছে। কোনো ফাইল আটকে নেই এবং কোনো মামলার কার্যক্রমও থেমে নেই।
বেনজীরকে ফেরাতে দুই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী অগ্রগতি হয়েছে—এমন প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে দুদকের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট। প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা সাংবাদিকদের জানানো হবে। তবে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে কিংবা কবে নাগাদ তা বাস্তবায়ন হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।
আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে কিছু তথ্য পেয়েছে দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান অনুসন্ধান সম্পর্কে মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আসিফ মাহমুদের বিষয়ে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। এরই মধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। আরও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা এবং অভিযোগের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ