০৫:৪৪ এম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ প্রায় দেড় হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করেছে। অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নাঈম অটো মোবাইল অ্যান্ড বীজ ভান্ডারের দুটি গোডাউনে অভিযান পরিচালিত হয়। পরে সেগুলো সিলগালা করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনও উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার জানান, কয়েকজন কৃষক ও স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে প্রতিষ্ঠানটির গোডাউনগুলোতে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে সার মজুত ও বিক্রির সত্যতা পাওয়া যায়। ব্যবসায়ী নাঈম হোসেন বিএডিসির ডিলার হলেও বরাদ্দের বাইরে সার সংগ্রহ করে মজুত করেছিলেন বলে জানা যায়।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নাঈম হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে চড়া দামে বিক্রি করে আসছিলেন। এর আগেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে একাধিকবার অর্থদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
সর্বশেষ অভিযানে বিপুল পরিমাণ সার জব্দ হওয়ার পর নাঈম হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে এবং বাজার অস্থিতিশীল করে—এমন অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন