প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর, ৯ নভেম্বর, ২০২৬ : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা, দেশপ্রেম ও মুক্তির চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, বরং তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও মুক্তির চিরন্তন কবি। তার সাহিত্য, সংগীত ও জীবনদর্শন যুগে যুগে বাঙালির চেতনাকে জাগ্রত ও উদ্দীপ্ত করেছে। অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার সাহসী উচ্চারণ আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের মানবিক, উদার ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত করতে হবে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে বছরব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সেমিনার এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত ও সম্পৃক্ত করা।
প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টিকর্মকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তার সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির দর্শন সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি উল্লেখ করেন, একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে নজরুলের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় প্রেরণা হতে পারে।
এ সময় তিনি তরুণ প্রজন্মকে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম গভীরভাবে পাঠ ও গবেষণার পাশাপাশি সংগীত, কবিতা, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিশিষ্ট নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন