প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী একটি বর্ণাঢ্য বইমেলা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার, সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান উল্লেখ করেন, "আমাদের সমাজে মানুষের মানসিকভাবে বিকাশের জন্য বইয়ের কোনো বিকল্প নেই।" তিনি বলেন, সাধারণত ঢাকাসহ বড় বড় শহরগুলোতেই বইমেলা বেশি হয়, কিন্তু আমাদের এই প্রান্তিক অঞ্চলে বড় পরিসরে এমন আয়োজন কম হয়। এ কারণে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যানারে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, "এখানে প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো- শিক্ষার্থীরা মেলায় আসবে, বই কিনবে, পড়বে এবং বইকে ভালোবাসবে।" তিনি জানান, বইমেলার পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এবং ভবিষ্যতে এই মেলা আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি; উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলীম; উপাধ্যক্ষ (স্কুল) মুহাম্মদ মোহায়মিনুল কবীর এবং উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলাসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
আয়োজন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং সব স্তরের মানুষের জ্ঞানের পরিধি সমৃদ্ধ করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ১৫টি স্টল স্থান পেয়েছে। বইয়ের পাশাপাশি এতে শিল্পকর্ম সামগ্রী প্রদর্শন ও বিক্রি, পিঠা মেলা, বিজনেস প্রপোজাল, বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন