প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রাঙামাটি জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করেছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে রোববার (৬ সেপ্টেম্বর) প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইম মনিটরিং সেল অনুসন্ধান শুরু করে। ধারাবাহিক প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৬১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ফোনগুলোর প্রকৃত মালিকানা যাচাই করে রোববার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রমের প্রশংসা করে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে নাগরিকদের সেবা আরও সহজ ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন