প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালুর পরিকল্পনা করছে, যার নাম ‘জ্যাপস’ (Zaps)। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ছোট ভিডিও পাঠাতে পারবেন, যা প্রাপক একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এ তথ্য জানায় ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ নতুন ফিচারটির সন্ধান পেয়েছে ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো (WABetaInfo)। তবে বর্তমানে ফিচারটি উন্নয়নাধীন অবস্থায় রয়েছে এবং এটি বেটা পরীক্ষকদের জন্যও উন্মুক্ত করা হয়নি।
হোয়াটসঅ্যাপের ‘জ্যাপস’ ফিচারটি ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’ ফিচারের আদলে তৈরি হচ্ছে। ব্যবহারকারীরা অ্যাপের নতুন ক্যামেরা ব্যবহার করে সরাসরি ছবি ও ছোট ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। ইনস্টাগ্রামের ইনস্ট্যান্টসে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও পাঠানোর সুবিধা রয়েছে, তবে হোয়াটসঅ্যাপের জ্যাপসে ভিডিওর দৈর্ঘ্য কত হবে, তা এখনো জানা যায়নি।
যেভাবে কাজ করতে পারে জ্যাপস
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে বিদ্যুতের ঝলকের মতো একটি আইকনে ট্যাপ করলে নতুন ক্যামেরা চালু হবে। সেখান থেকেই ছবি ও ভিডিও ধারণ করে পাঠানো যাবে।
জ্যাপসের প্রধান পার্থক্য হলো, প্রাপক একবার দেখার পর পাঠানো ছবি বা ভিডিওটি আর দেখতে পারবেন না। তবে প্রেরক নিজের পাঠানো জ্যাপস চ্যাটে দেখতে পারবেন।
নতুন ফিচারটিতে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। হোয়াটসঅ্যাপের অন্যান্য সুবিধার মতো জ্যাপসেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে, ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ পাঠানো ছবি বা ভিডিও দেখতে পারবে না।
জ্যাপস শুধু ব্যক্তিগত চ্যাটেই নয়, গ্রুপ এবং সম্ভাব্যভাবে চ্যানেলেও পাঠানোর সুবিধা থাকতে পারে। প্রাপক চাইলে পাঠানো ছবিতে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন অথবা টেক্সট বার্তা দিয়ে উত্তর দিতে পারবেন।
একাধিক জ্যাপস একসঙ্গে পাঠানো হলে সেগুলো আলাদা আলাদা বার্তার পরিবর্তে একটি বার্তার মধ্যে সাজিয়ে দেখাবে হোয়াটসঅ্যাপ। এতে চ্যাটে অপ্রয়োজনীয় বার্তার সংখ্যা কমবে।
তবে নতুন ফিচারটির নাম ও কার্যপদ্ধতি সম্পর্কে হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কবে নাগাদ এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন