প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেতা রণবীর সিং সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন। এই নিষ্ঠুর শাসকের চরিত্রটি পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি ব্যাপক পরিশ্রম করেন। তবে সিনেমাটির একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি একটি কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হন। সহঅভিনেতা রাজা মুরাদের কাছ থেকে তাকে একে একে ২৪টি চড় খেতে হয়েছিল।
সম্প্রতি রাজা মুরাদ একটি সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, ‘পদ্মাবত’ সিনেমার একটি দৃশ্যে রণবীরকে চড় মারতে হয়েছিল। পরিচালকের পছন্দ অনুযায়ী দৃশ্যটি ধারণ করা যাচ্ছিল না, তাই বারবার শুটিং করতে হয়। প্রতিবারই রণবীরকে সত্যিকারের চড় মারছিলেন তিনি।
রাজা মুরাদ বলেন, ‘আমি সত্যিই ওকে চড় মারছিলাম। মোট ২৪ বার দৃশ্যটির শুটিং হয়েছিল। সঞ্জয় চাইছিলেন, চড়ের শব্দ যেন জোরে শোনা যায়। কিন্তু কিছুতেই তার মনমতো হচ্ছিল না।’
পরিচালকের নির্দেশে একই দৃশ্যের বারবার শুটিং করতে হয়েছিল বলে জানান রাজা। তার ভাষায়, ‘রণবীরের কেমন লাগছে, তা নিয়ে সঞ্জয় একেবারেই ভাবিত ছিলেন না। বারবার বলছিলেন, রাজা, মারুন! আরো একবার মারুন। শেষ পর্যন্ত রণবীরের গাল ফুলে গিয়েছিল। ও জানিয়েছিল, ওর বেশ কষ্ট হচ্ছে। শুধু মনের জোরে দাঁড়িয়ে ছিল।’
এ অভিজ্ঞতার কথা বলার পাশাপাশি রণবীরের পেশাদারি ও কাজের প্রতি একাগ্রতার প্রশংসাও করেন রাজা মুরাদ। তার মতে, শুটিংয়ের সময় রণবীর পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে থাকতেন। অন্যদের সঙ্গে কথা না বলে নিজের অভিনয়েই মনোযোগ দিতেন। রণবীরের এই আচরণ বোঝাতে গিয়ে রাজা তাকে খাঁচায় বন্দি সিংহের সঙ্গে তুলনা করেন।
রণবীরের অভিনয়প্রতিভা নিয়েও প্রশংসা করেন রাজা। তার মতে, হিন্দি সিনেমার ইতিহাসে রণবীরের মতো দক্ষ অভিনেতা খুব বেশি আসেননি। তাকে অন্যতম সেরা অভিনেতাদের একজন বলেও উল্লেখ করেন রাজা।
২০১৮ সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালীর পরিচালিত ‘পদ্মাবত’। ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন, মহারাওয়াল রতন সিংয়ের চরিত্রে ছিলেন শহীদ কাপুর। আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় ছবিটির অন্যতম আলোচিত দিক হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন