প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কুয়াকাটায় 'পর্যটন কার্নিভাল' উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে চারটায় কুয়াকাটা পর্যটন মোটেল হলিডে হোমসের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ২৩ এবং ২৪ অক্টোবর এই পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক মো. গনি উল আজম, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, পর্যটন পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) অনির্বান চাকমা এবং কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তালেব।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, সান ফ্লাওয়ার্স ৩৬০ এবং ঢাকা টকিজ নামে বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং আর্থিক সহায়তায় এই পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক অনন্য মামুন জানান, কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে বিচ ম্যারাথন, হেলথ ট্যুরিজম, পুঁথি পাঠ, ফ্যাশন শো, মিউজিক কনসার্ট, কিডস বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, ফুড ফেস্টিভাল, চিত্রাংকন প্রতিযোগিতা এবং ঘুরি উৎসবের আয়োজন করা হবে।
এ অনুষ্ঠানে সংগীত শিল্পী প্রীতম হাসান, কেয়া পায়েল, সংগীত শিল্পী হাসান, বাউল শিল্পী চিশতী বাউল, নায়ক সিয়াম আহমেদ, জাতীয় দলের ফুটবল ক্যাপ্টেন জামাল ভূঁইয়া, ক্রিকেটের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং তৌহীদ হৃদয় বিভিন্ন ধরনের পরিবেশনায় অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পর্যটন কার্নিভালের উপস্থাপনায় থাকবেন শান্তা জাহান, ইভান হাসান এবং সাদিয়া রোশনী সূচনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন