ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

আজ ঢাকার এসব এলাকায় বন্ধ থাকবে বিভিন্ন মার্কেট ও দোকানপাট


আজ ঢাকার এসব এলাকায় বন্ধ থাকবে বিভিন্ন মার্কেট ও দোকানপাট

ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যেতে হয়। তবে, কোন মার্কেটে যাওয়ার আগে সেখানকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।

সোমবার (৯ নভেম্বর) তারিখে কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে, তা নিচে উল্লেখ করা হলো।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আরও পড়ুন: মহেশখালীতে হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ এবং সানারপাড়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

আরও পড়ুন: ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যূনতম মজুরি নির্ধারণে আজ শ্রমিক-মালিকের দর-কষাকষি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ এম


ন্যূনতম মজুরি নির্ধারণে আজ শ্রমিক-মালিকের দর-কষাকষি শুরু

আজ পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আনুষ্ঠানিক দর-কষাকষি শুরু হচ্ছে। নতুন গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা প্রাথমিক মজুরি প্রস্তাব উপস্থাপন করার সুযোগ পেতে পারেন।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, প্রবেশ পর্যায়ের শ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার নিচে না হওয়ার বিষয়টি। অন্যদিকে, কারখানার মালিকরা পাল্টা প্রস্তাব চূড়ান্ত করতে আরো সময় চাইতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিক প্রতিনিধিরা প্রাথমিকভাবে চারটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের জন্য মজুরি প্রস্তাব দিতে পারেন। তবে প্রস্তাবিত অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি। বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ডের নির্ধারিত ছকে পূর্ণাঙ্গ মজুরিকাঠামো জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার জানিয়েছিলেন, তাদের প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার নিচে হবে না। বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবির গড় অথবা মধ্যবর্তী একটি অঙ্ক বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে। ইতোমধ্যে জি-স্কপ, গার্মেন্টস শ্রমিক পরিষদ, এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্সসহ ৩৫টি শ্রমিক সংগঠন মাসিক ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা বা প্রায় ৩০০ ডলার করার দাবি জানিয়েছে।

অন্যদিকে, ১১টি ট্রেড ইউনিয়নের প্রতিনিধিত্বকারী ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল ন্যূনতম মজুরি ২৬০ ডলার নির্ধারণের প্রস্তাব দিয়েছে। ৩৫টি সংগঠনের প্রস্তাবে গ্রেড-৪-এর প্রবেশ পর্যায়ের শ্রমিকদের মূল বেতন ২০ হাজার ৭৫০, বাড়িভাড়া ১০ হাজার ৩৭৫, চিকিৎসা ভাতা ২ হাজার, যাতায়াত ও খাদ্যভাতা দেড় হাজার এবং সন্তানদের শিক্ষা ভাতা ১ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মূল বেতনের ১৫ শতাংশ হারে ঝুঁকি ভাতার দাবিও রয়েছে। মালিকপক্ষের পাল্টা প্রস্তাব তৈরিতে সময়ের অভাব দেখা দিয়েছে।

গতকাল বড়, মাঝারি ও ছোট কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করে অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সম্ভাব্য মজুরি বৃদ্ধির প্রভাব ও কারখানার সক্ষমতা পর্যালোচনা করা হয়েছে। মালিকদের দাবি, মজুরি বোর্ডের নির্ধারিত ছক গত শুক্রবার হাতে পাওয়ায় পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। ফলে আজকের বৈঠকে আরো সময় চাওয়া হতে পারে।

মজুরি বৃদ্ধির প্রভাব নিয়ে মালিকপক্ষের একটি খসড়া আর্থিক বিশ্লেষণে ৩ হাজার কারখানা ও ৪০ লাখ শ্রমিককে বিবেচনায় নেওয়া হয়েছে। এতে বর্তমান ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ধরে বিভিন্ন হারে বৃদ্ধির সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়।

বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান মজুরিতে কারখানাগুলোর নিট মুনাফার হার ২ দশমিক ৪ থেকে ৮ শতাংশের মধ্যে রয়েছে।

মালিকপক্ষের হিসাব অনুযায়ী, ন্যূনতম মজুরি ১৪ হাজার ৫০০ টাকা হলে ৪০০ কারখানা এবং ৫ লাখ ৩০ হাজার শ্রমিক ঝুঁকিতে পড়তে পারেন। ১৫ হাজার টাকা হলে ৪০০ কারখানা ও ১২ লাখ শ্রমিক এবং ১৬ হাজার টাকা হলে ১ হাজার ৩০০ কারখানা ও ১৭ লাখ ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। আর ২০ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হলে ৩ হাজার কারখানাই বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাদের হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের খাদ্য ও পুষ্টির মৌলিক চাহিদা পূরণে মাসে ৩৫ হাজার ৫৮০ টাকা প্রয়োজন। বাসস্থান, ইউটিলিটি, যাতায়াত, চিকিৎসাসহ মোট মাসিক ব্যয় ৬৩ হাজার ৬৬০ টাকা। সরকারি চাকরিতে প্রবেশ পর্যায়ের একজন কর্মীর বেতন-ভাতাসহ আয় প্রায় ৩৭ হাজার ৬৫০ টাকা উল্লেখ করে মজুরি বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেছে সংগঠনগুলো।

গত ২৯ অক্টোবর বিভিন্ন শিল্পাঞ্চলে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে হাজার হাজার শ্রমিক আন্দোলনে নামেন। সপ্তাহব্যাপী এ আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শত শত কারখানা বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা। এর পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়।

মজুরি বোর্ডের প্রথম বৈঠকে শ্রমিকপক্ষের অনুরোধে আরো দুজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিকপক্ষকেও সমসংখ্যক প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত কোনো পক্ষই অতিরিক্ত প্রতিনিধিদের নাম জমা দেয়নি। প্রথম বৈঠকে নতুন মজুরিকাঠামো ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে বর্ধিত মজুরি দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তিন বছর মেয়াদি নতুন মজুরিকাঠামোর সুপারিশ করবে মজুরি বোর্ড।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য মিলবে টানা ৪ দিনের অবকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ এম


ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য মিলবে টানা ৪ দিনের অবকাশ

চলতি বছরের ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ। এই সুযোগটি গ্রহণ করতে হলে এক দিনের বাড়তি ছুটি নিতে হবে। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এই সুযোগটি কাজে লাগানোর জন্য আগাম পরিকল্পনা করতে পারবেন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার। যদি কেউ এই দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নেন, তাহলে তারা টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

এর কারণ হলো, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার এবং শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।

বিশেষ করে যারা পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার বা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য বছরের শেষের দিকে এই ছুটি হতে পারে একটি বাড়তি সুযোগ। তবে, টানা চার দিনের অবকাশ উপভোগ করতে চাইলে ১৭ ডিসেম্বরের ছুটির বিষয়টি আগেভাগেই পরিকল্পনায় রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর মন্দিরে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ এম


রাজধানীর মন্দিরে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন

মন্দিরগুলোতে প্রদীপ জ্বালিয়ে ও আলোকসজ্জার মাধ্যমে উদযাপন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শ্যামা (কালী) পূজা ও দীপাবলি।

এই উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকেই রাজধানীর পূজামণ্ডপ এবং মন্দিরগুলো দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে।

গভীর রাতে পূজা শেষে ভক্তদের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়।

হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত হয়।

কালীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সন্ধ্যায় তাদের বাড়ি ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার এই রীতি দীপাবলি নামে পরিচিত।

হিন্দু পুরাণ অনুযায়ী, কালী দেবী দুর্গার একটি শক্তিরূপ। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি হয়েছে। কালী পূজা মূলত শক্তির পূজা। এই পূজায় জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের বন্দনা করা হয়। দেবী কালী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শ্যামা পূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়। সেখানে পূজার পাশাপাশি দীপাবলি অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ প্রজ্বালন করা হয়।

এদিকে রমনা কালী মন্দির, আজিমপুর সরকারি আবাসন মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিঁও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান এবং তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজার এলাকার বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ এম


তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই

শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)- তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বাদীর পক্ষে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল।

বাদীর অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা দুটি পৃথক মামলা বর্তমানে চলমান রয়েছে। ওই মামলা দায়েরের পর আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। এ ছাড়া বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করতে থাকেন।

গত বছরের ৭ নভেম্বর তার ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীর মেসেঞ্জারে কল দিয়ে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

সেখানে আসামি বাদীকে হুমকি দিয়ে বলেন, "ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিব নে।"

আরও বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত থাকেন। সেখানে আসামি বাদীকে একজন নারীকে চুম্বন করার ছবি বাদীকে না জানিয়ে তার অজান্তে প্রকাশ করেন। এ ছাড়া দুজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেন।

বাদীর বিষয়ে তিশা বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, "সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলার আগে দেখিওনি।"

বিষয়টি গত ২৭ অক্টোবর রাত ১১টায় বাদীর নজরে এলে আইনজীবীর মাধ্যমে পরদিন রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশের মাধ্যমে নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হয়। তবে লিগ্যাল নোটিশ পাঠানোর দুই দিনের মধ্যেও আসামি সেগুলো অপসারণ করেননি।

তিশা বিভিন্ন ব্যক্তির কাছে বাদীর বিষয়ে বিভিন্ন অদ্ভুত কথা বলে বেড়ান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আসামি তার জনপ্রিয়তা ব্যবহার করে ভাইরাল হওয়ার নেশায় বাদী মামলা করেছেন বলে কটূক্তি করেন। এতে বাদীর মানসম্মানের ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে, ২০২৫ সালের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেন সানায়া আনাম। পরে গত ২৭ অক্টোবর ওই মামলা প্রত্যাহারে সানায়া আনামকে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলা করেন তিনি। ওই মামলায় তানজিন তিশাকে ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%