প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জ জেলা কারাগারের ধারণক্ষমতা ৩৫২ জন হলেও বর্তমানে সেখানে বন্দির সংখ্যা এক হাজার ৬১৭ জন। অর্থাৎ, কারাগারের ধারণক্ষমতার প্রায় পাঁচ গুণ বন্দি অবস্থান করছে। অতিরিক্ত বন্দির কারণে আবাসন ব্যবস্থায় তীব্র চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতের সময় নির্ধারিত ওয়ার্ডে স্থান সংকুলান করা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে বন্দিদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।
সিরাজগঞ্জ কারা সূত্রে জানা যায়, বর্তমানে কারাগারে পুরুষ বন্দির সংখ্যা এক হাজার ৫৪৯ জন এবং নারী বন্দির সংখ্যা ৬৮ জন। এই বন্দিদের মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদির পাশাপাশি অধিকাংশই বিচারাধীন মামলার আসামি। গত পাঁচ বছরে কারাগারে অবস্থানকালে ২১ জন পুরুষ বন্দির মৃত্যু হয়েছে, যাঁদের মৃত্যুর ঘটনা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ঘটেছে।
জেল সুপার আনোয়ার হোসেন জানান, বন্দির সংখ্যা ধারণক্ষমতার কয়েক গুণ হলেও থাকা-খাওয়ার ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। সপ্তাহে দুই দিন ছুটি ছাড়া প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন বন্দি কারাগারে প্রবেশ করেন। একই সময়ে আদালতের নির্দেশে অনেকে মুক্তিও পান। বন্দিদের নিরাপত্তা এবং সংশোধনমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে কারাগারের ভারপ্রাপ্ত জেলার সাইদুল ইসলাম বলেন, "কারাগারের ধারণক্ষমতা অনুযায়ী বন্দি বেশি থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের সমস্যা দেখা দেয়নি।"
তবে কারা সদস্যদের মতে, দিনের বেলায় ওয়ার্ডের বাইরে চলাচলের সুযোগ থাকলেও সন্ধ্যার পর সবাইকে নির্ধারিত কক্ষে ফিরতে হয়। তখন জায়গার সংকট প্রকট হয়ে ওঠে। গরমের সময় এই ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।
১৯১৮ সালে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ জেলার উপকারাগারের কার্যক্রম শুরু হয়। ১৯৯৪ সালে কান্দাপাড়া এলাকায় ৬ দশমিক ৫০ একর জমিতে জেলা কারাগারের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ধারণক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ২০০০ সালে আরও চার একর জমি কেনা হয়। কিন্তু জমি বাড়ানোর পরও অবকাঠামো সম্প্রসারণে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন