প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে রায়ের কিছু নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছে। জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বলেছেন, মিয়ানমার যে অংশগুলোকে ‘অনুপযুক্ত’ মনে করে, সেগুলো বাস্তবায়ন করা হবে না।
বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। আর্ন্তজাতিক অপরাধ আদালতের এই রায়ের পর মিন অং হ্লাইং-এর এটি প্রথম প্রকাশ্য মন্তব্য।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের একটি ঐতিহাসিক রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা ঘটেছে। ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয় এবং সাত লাখেরও বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে যায়।
রায়ের প্রতিক্রিয়ায় মিন অং হ্লাইং বলেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, মিয়ানমার দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। তবে যেসব নির্দেশনা অনুপযুক্ত বলে মনে হবে, সেগুলো মানা হবে না।
কিন্তু আদালতের রায়ের কোন কোন অংশের সঙ্গে মিয়ানমার একমত নয়, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলাটি ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশন বা জাতিগত নির্মূল অভিযানের কেন্দ্রবিন্দু ছিল। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুর একটি বড় অংশ বসবাস করত।
আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, ওই অভিযানের সময় প্রায় ১০,০০০ রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সাত লাখেরও বেশি মানুষ স্থলপথে বা সমুদ্রপথে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ওই অভিযানের শিকার হয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়েছে। এতে ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক ধারা লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই সনদের অধীনে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্রথম রাষ্ট্র মিয়ানমার।
আইসিজে আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। আদালত ক্ষতিগ্রস্তদের আনুপাতিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে, তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে। পাশাপাশি গণহত্যা সনদ লঙ্ঘন বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়।
রায়টি রোহিঙ্গা সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। যুক্তরাজ্যসহ অনেক দেশ এই রায়কে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
এদিকে, ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক নেতা অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনার ফলে মিয়ানমার আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ে এবং দেশটির সামরিক শাসনব্যবস্থা কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন