প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দকৃত কক্ষে উইপোকা দেখে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রাগে ক্ষোভে সেখানে রাত যাপন না করে অন্যত্র চলে গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান। তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) লংমার্চ কর্মসূচি পালনের উদ্দেশ্যে ডা. তাহের কুমিল্লায় আসেন।
মাহবুবর রহমান আরও জানান, ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বুকিং করা হয়। রাত ১০টার দিকে যখন তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে যান, তখন কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান।
এ সময় তিনি পুরো কক্ষ, ব্যবহৃত আসবাবপত্র ও কম্বলেও উইপোকা দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। তিনি একটি কম্বলও চান। কিন্তু তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে এমপির এপিএস আরিফুর রহমান বিষয়টি মোবাইলে কুমিল্লার এনডিসিকে অবহিত করেন। এরপরও কার্যকর ব্যবস্থা না হওয়ায় বিরোধীদলীয় এ উপনেতা সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন।
এদিকে, কক্ষ জুড়ে উইপোকা সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান মন্তব্য করেন, কুমিল্লা সার্কিট হাউজ একটি আধুনিক মানের ভবন, যা সুসজ্জিত। এখানে দেখভালের জন্য সরকারি জনবলও রয়েছে। কিন্তু ভিআইপি অতিথিদের আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক।
তিনি বলেন, "সেখানে উইপোকা বেশ দাপট দেখাচ্ছে। তাই অপেক্ষা করেও বিকল্প কক্ষ না পেয়ে আমাদের নেতা (ডা. তাহের) সার্কিট হাউজ ছেড়ে অন্যত্র রাত যাপন করছেন।"
এ বিষয়ে বক্তব্য জানতে রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি নম্বরে কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, নতুন সার্কিট হাউজে আরও কক্ষ খালি ছিল। তবে অন্য একটি কক্ষের চাবি আনতে দেরি হওয়ায় বিরোধীদলীয় উপনেতা চলে গেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন