প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এক সময় ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে প্রেমের সম্পর্কের এক তিক্ত অভিজ্ঞতা ও মানসিক নির্যাতনের কারণে এখন আর মা হওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন ‘প্রেমাম’খ্যাত এই অভিনেত্রী।
ধ্যান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন। অনুপমা জানান, তিনি প্রায় দুই বছর একটি সম্পর্কে ছিলেন এবং এ সময় প্রেমিকের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হন। যদিও সেই ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।
তিনি বলেন, সম্পর্কের সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে তিনি নারী হওয়ার জন্যও লজ্জাবোধ করতেন। অভিনেত্রী হওয়ার আত্মবিশ্বাসী হওয়া কিংবা নিজের স্বাভাবিক শারীরিক বিষয় নিয়েও তাঁকে অপরাধবোধে ভুগতে হতো।
উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রেমিকের কোনো ভুল নিয়ে প্রশ্ন তুললেই সেটিকে তার পিরিয়ড বা পিএমএসের সঙ্গে যুক্ত করা হতো। ফলে ধীরে ধীরে তিনি নিজের অনুভূতি ও প্রতিক্রিয়াকেই ভুল মনে করতে শুরু করেন।
এক সময় ১১টি সন্তান নেওয়ার স্বপ্ন দেখলেও, সেই সম্পর্কের অভিজ্ঞতার পর তার চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছে। অনুপমা বলেন, এখন তিনি সন্তানই চান না। সম্পর্কের সেই সময়ে একজন নারী হওয়া এবং নিজের অর্জনগুলো নিয়েও তার খারাপ লাগত।
নিজের এই অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেন অনুপমা। অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ান-এর একটি ইনস্টাগ্রাম রিল দেখার পর তিনি নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পান বলেও জানান।
ওই কঠিন সময়ে তার উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল। অনুপমার মনে হতো, তিনি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন।
প্রেমিকের নাম প্রকাশ না করলেও বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে, দক্ষিণী অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুপমা। তবে এ বিষয়ে অনুপমা বা ধ্রুবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক হওয়া অনুপমা পরমেশ্বরন ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। এরপর দক্ষিণী সিনেমার বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন