প্রিন্ট এর তারিখঃ ২৬শে অক্টোবর, ২০২৬ইং; ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ১১ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ১১:৩৫ এম
লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের কঠোর বার্তা
কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভায় লাইসেন্স বিহীন ও অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ। একই সঙ্গে পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদন ও ব্যবহারে ইটভাটা মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ইট ও ব্লক উৎপাদনকারী মালিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। সভার আলোচ্য বিষয় ছিল লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধকরণ এবং পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার ও উৎপাদনে উদ্বুদ্ধকরণ।
প্রধান অতিথির বক্তব্যে নুর আলম অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও বৈশ্বিক জলবায়ুর ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদন ও ব্যবহারের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে এ বিষয়ে সরকারের নির্দেশনার প্রতি গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের তা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. রেজাউল করিম সনাতন পদ্ধতিতে পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদন ও ব্যবহারে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বায়ুদূষণ ও জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ ধরনের ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষেত্রেও তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলার ইট ও ব্লক উৎপাদনকারী মালিকরা উপস্থিত ছিলেন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"