প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম পাকুইজ্জাছড়ি এলাকায় মাইনী নদী পারাপারের জন্য বাঁশের সাকু নির্মাণ করেছেন হিল ভিডিপির সদস্যরা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা কিছুটা লাঘব করতে নিজেদের শ্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) লক্ষ্মীকুমার কার্বারি পাড়ায় নদীর ওপর সাকু নির্মাণের কাজ সম্পন্ন হয়। দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে বেতছড়ি ১, ২ ও ৩ নম্বর প্লাটুনের সদস্যরা এতে অংশ নেন। নির্মাণকাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।
এলাকাবাসী জানান, মাইনী নদীর ওপর পারাপারের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিন নানা প্রয়োজনে নদী পার হতে গিয়ে সমস্যায় পড়তে হতো তাঁদের। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গেলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। বাঁশের সাকু নির্মাণের ফলে এখন স্থানীয়দের চলাচলে কিছুটা স্বস্তি আসবে।
হিল ভিডিপির সদস্যরা জানান, মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমানো এবং সামাজিক দায়িত্ববোধ থেকে তাঁরা স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নিয়েছেন। এর আগেও তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।
দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার মধ্যে স্থানীয় মানুষের সহযোগিতায় নির্মিত এ সাকু পারাপারের একটি সাময়িক সমাধান হিসেবে কাজে আসবে। তবে দীর্ঘমেয়াদে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের প্রয়োজনীয়তাও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন