প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এস এম আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন এবং বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকার শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা এলাকার মাহমুদুন নবী (৩১) এবং বাগেরহাটের মূলঘর এলাকার মেহেদী হাসান রাসেল (২৬)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে এস এম আমির হামজা সাতিলের দোতলা বাড়ির দিকে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় খুলনা মহানগর পুলিশের লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে শামীমের হেফাজত থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন এবং রাসেলের হেফাজত থেকে বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। তিনি উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য এবং তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন