প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ, চারদিকে গভীর অরণ্য আর নিচে গভীর ভয়ংকর খরস্রোতা ঝিরি। কোথাও খাড়া পাহাড় বেয়ে নামতে হয়, কোথাও এগোতে হয় পিচ্ছিল পাথর ধরে। কোথাও আবার পাহাড়ের গা ঘেঁষে সরু পথ ধরে চলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।
এমন দুর্গম এক জনপদ বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকা। ওই এলাকার পদ্মমুখ ঝিরির প্রায় ৪০০ ফুট দীর্ঘ খুমপথ পারাপারে একটি সেতুর দাবি সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের। সেতু না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাদের।
স্থানীয়রা বলছেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও এখনো নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এ উপজেলায় অন্তত ১৫টি পাহাড়ি গ্রামের বাসিন্দারা। তাদের কাছে শিক্ষা, চিকিৎসা, নিরাপদ যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহনের সুযোগ এখনো অনেকটাই অধরা।
প্রশাসনিক তথ্য ও নথিপত্র অনুযায়ী, থানচি বান্দরবান জেলার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচীন জনপদ। ১৯১৭ সালে রাঙামাটি জেলার বান্দরবান মহকুমার অধীনে রুমা, বলিপাড়া ও থানচি ইউনিয়ন নিয়ে থানা গঠিত হয়। ১৯৭৬ সালে থানচি থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে থানাকে উপজেলায় উন্নীত করা হয়।
বর্তমানে উপজেলায় রেমাক্রী, তিন্দু, থানচি সদর এবং বলিপাড়া ইউনিয়ন। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, থানচি উপজেলার মোট চার হাজার ৮৭২টি পরিবারের জনসংখ্যা ২৯ হাজার ৭৯০ জন।
বাসিন্দারা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠী মারমা, ম্রো (মুরং), ত্রিপুরা, বাঙালি, খুমি, বম, চাকমা ও খিয়াংসহ বিভিন্ন সস্প্রদায়ের প্রায় ৩০ হাজার মানুষের অধিকাংশই গভীর অরণ্যঘেরা দুর্গম পাহাড়ের ভেতর বসবাস করেন। তাঁরা আধুনিক যোগাযোগ ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম এখনো পাহাড়ের গায়ে জুমচাষ। বাপ-দাদার এই পেশা ধরে রেখে পাহাড়ে জীবনযাপন পরিবারগুলোর।
তারা জানান, প্রতিবছর নিজেদের উদ্যোগে পদ্মমুখ ঝিরিতে বাঁশের সাঁকো নির্মাণ করে কোনোমতে যাতায়াত করছেন। বর্ষায় ঝিরির পানিপ্রবাহ বাড়লে সেই সাঁকোও হয়ে ওঠে বিপজ্জনক। কখনো পানির স্রোত এতটাই ভয়ংকর হয় যে, পারাপার বন্ধ হয়ে যায়। তাই পদ্মমুখ এলাকায় একটি টেকসই সাঁকো কিংবা স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের।
সাম্প্রতিক সময়ে থানচি সদর থেকে দেড়-দুই ঘণ্টার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পদ্মমুখ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মঝিরির খুমপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খাড়া পাহাড়ের গা ঘেঁষে সরুপথ, নিচে গভীর খাদের ঝিরি। কোথাও পাথরের ওপর দিয়ে, কোথাও বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো ধরে চলাচল করছেন স্থানীয়রা। নেই কোনো স্থায়ী সেতু কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা।
বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর সরকার শত শত পিআইও সেতু নির্মাণ করলেও তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির খুমপথে একটি স্থায়ী সেতু নেই। এতে দুটি মৌজার অন্তত ১৫টি প্রামের মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর কযেক হাজার মানুষকে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা উজিরাম ত্রিপুরা ও খুবাইতি ত্রিপুরাসহ অনেকের ভাষ্য, প্রতিবছর নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করতে হয়। বাঁশ পচে গেলে কিংবা পানির স্রোতে ভেঙে গেলে আবার নতুন করে সাঁকো নির্মাণ করতে হয়। এতে অর্থ ও শ্রম ব্যয় হলেও স্থায়ী নিরাপত্তা মেলে না।
তারা বলেন, পাহাড়ে বসবাস করেন বলে তাদের জীবনযাত্রা এমনিতেই কঠিন। তার ওপর একটি ঝিরি পার হতে প্রতিদিন ঝুঁকি নিতে হয়। স্থায়ী সেতু হলে দুর্ভোগ অনেকটা কমবে।
জুমিয়া চাষিদের ভাষ্য, পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। দুর্গম পথ ও ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে সময় ও পরিবহন ব্যয় বাড়ছে, অনেক ক্ষেত্রে কৃষিপণ্য সময়মতো বাজারজাত করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য উহ্লামং মারমা বলেন, থানচি সদর থেকে পদ্ম ঝিরি প্রায় ১৫ কিলোমিটার দূরে। এই পথ দিয়ে ঝুঁকি নিয়ে অনেক পর্যটক চলাচল করেন। তার পরও নিরাপদে যাতায়াতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, অর্থ সংকটের কারণে ইউনিয়ন পরিষদের পক্ষে টেকসই সাঁকো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পদ্ম ঝিরির খুমপথে দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের জরুরি পদক্ষেপ কামনা করছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, পদ্ম ঝিরিতে খুমের একপাশ বেয়ে চলাচলের পথটি স্থানীয়দের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে স্থানীয়দের আবেদন করতে বলা হয়েছে।
প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন করে আগামীতে প্রকল্প বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন