প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে আটক করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। ওই রাতেই থানায় মামলা নথিভুক্ত করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামি ওসমান প্রামাণিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে চুরির অভিযোগে ২০২৪ সালে তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা রয়েছে।
শনিবার রাত ১১টার দিকে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায় করতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রামের দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। টাকা না পেয়ে তিনি পিস্তল দিয়ে দুলাভাইকে হুমকি দেন। এ সময় খবর পেয়ে স্থানীয় জনতা ও কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাঁকে আটক করে।
রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, থানার চত্বরে স্বজনদের আনাগোনা। আসামি ওসমানকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে ওসমানের এক স্বজন জানান, কোম্পানির টাকা চুরি নিয়ে শ্যালকের সঙ্গে দুলাভাইয়ের বিরোধ ছিল। শনিবার রাতে অস্ত্র হাতে দুলাভাইকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়েছিলেন ওসমান। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি দুলাভাই ইসমাইল শেখ।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, টাকা সংক্রান্ত বিরোধের জেরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান তাঁর দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন