প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন বিতর্কের মুখোমুখি রিপাবলিক অব আয়ারল্যান্ড, যখন তারা নেশন্স লিগের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দলের অভিজ্ঞ মিডফিল্ডার জেসন নাইট প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে খেলার বিরোধিতা করেছেন। তিনি প্রথম আইরিশ ফুটবলার, যিনি সরাসরি এমন একটি ম্যাচ বাতিলের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন।
রবিবার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ইসরায়েলের বিপক্ষে আইরিশদের বয়কটের জোরালো দাবির মধ্যেই আয়োজন করা হচ্ছে। এফএআই (আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন) তাদের বরাদ্দকৃত টিকিটের কোটা নিতে অস্বীকার করায়, মাঠে কোনো আইরিশ সমর্থক খেলা দেখার সুযোগ পাচ্ছেন না।
গত বৃহস্পতিবার কসোভোর কাছে ১-০ গোলে হারের পর নাইট সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করেন। ব্রিস্টল সিটির এই আইরিশ তারকা বলেন, “আমার মনে হয় না এই ম্যাচটি হওয়া উচিত। তবে যেহেতু ম্যাচটি আয়োজিত হচ্ছে, আমাদের স্কোয়াডে এটা নিয়ে আরো গভীরভাবে আলোচনা করা প্রয়োজন।”
আইরিশ ম্যানেজার হেইমির হালগ্রিমসনও গত সপ্তাহে স্বীকার করেছেন যে, ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত দলের অনেক খেলোয়াড়কে অস্বস্তিতে ফেলেছে। সূচি অনুযায়ী, আগামী ৪ অক্টোবর সার্বিয়ার বাচকা তোপোলায় নিরপেক্ষ ভেন্যুতে দুই দল আবার মুখোমুখি হবে।
নাইট আরো বলেন, “আমি যতটা সম্ভব ফুটবলে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে এখন ফুটবল ছাড়া অন্য বিষয়গুলোতেই আলো বেশি পড়ছে। এটি খুবই অস্বাভাবিক এক পরিস্থিতি এবং আমরা সেখান থেকেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি।”
আয়ারল্যান্ডের ফিলিস্তিনিদের প্রতি সংহতির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটে আইরিশরা সব সময় ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরেই স্পেন ও নরওয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড সরকার। পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ডাবলিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন