প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং নিষিদ্ধ ঘোষিত জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।
পুলিশের সূত্রে জানা গেছে, শাদ উদ্দিন হরিপুর ধলইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে। আজিজুর রহমান উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে। ফাহিম আহমদ শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে।
এর আগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশের হেফাজতে তাঁকে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় একদল ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেয়। একই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনার পরপরই হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গভীর রাতে হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুরের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন