প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দীন জনি বাদী হয়ে এই মামলা করেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আসামিদের মধ্যে রয়েছেন, কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাদের (২৪), ছাত্রদল নেতা আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্যদের ঘিরে ধরে। তারা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, মারধর করে এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে পুলিশের অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগও আনা হয়েছে। পুলিশ সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির কথাও এজাহারে উল্লেখ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন