প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর, ২৮ অক্টোবর, ২০২৬ : ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্যকে যশোরের মণিরামপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে জানাজা শেষে তাদের পাশাপাশি চারটি কবরে সমাহিত করা হয়।
নিহতদের মধ্যে রয়েছেন মণিরামপুরের মোহনপুর গ্রামের নাহিদুর রহমান তুহিন (৪১), তার স্ত্রী আফসানা তানজি (৩৬) এবং তাদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।
গত ১৯ অক্টোবর সকালে রিসোর্টে আগুন লাগার ফলে একসঙ্গে চারজনের মৃত্যু ঘটে। আজ সকাল সাতটার দিকে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
শেষবারের মতো তাদের দেখতে বাড়িতে শত শত মানুষ ভিড় করেন। বিকেল তিনটায় স্থানীয় বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার আয়োজন করা হয়।
তুহিন ঢাকার শ্যামলীতে বেসরকারি প্রতিষ্ঠান গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা ছিলেন। চাকরির কারণে তিনি পরিবারসহ মিরপুরে বসবাস করতেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়ে তিনি ওই রিসোর্টে উঠেছিলেন।
তুহিনের চাচাতো ভাই খালিদ হোসেন জানান, আগুনে মরদেহ এতটাই বিকৃত হয়ে যায় যে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করার জন্য ঢাকায় ডিএনএ নমুনা দেন তুহিনের বাবা মতিয়ার রহমান। আট দিন পর সোমবার ডিএনএ প্রতিবেদন পাওয়া যায়।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ছোট ছেলে, পুত্রবধূ ও দুই নাতনিকে হারিয়ে মতিয়ার রহমান বর্তমানে নির্বাক হয়ে পড়েছেন। দশ বছর আগে তিনি স্ত্রীকে হারিয়েছিলেন। বর্তমানে তিনি গ্রামের বাড়িতে একা থাকেন।
তুহিনের মামা খায়রুল আলম বলেন, এই আকস্মিক মৃত্যুতে মতিয়ার রহমান মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন