প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছে, সে বিষয়ে জামায়াতে ইসলামী সম্পূর্ণ একমত বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য।
বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের একটি চমৎকার ও ইতিবাচক আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, "আমরা তার এই আহ্বানের সঙ্গে শতভাগ একমত পোষণ করছি।" তিনি আরও বলেন, কোনো প্রকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়; বরং চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছিল, তাকে সমুন্নত রাখা আমাদের প্রধান দায়িত্ব।
তিনি উল্লেখ করেন, কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নিয়ে নয়, বরং একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশকে আত্মমর্যাদার সাথে গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির পারস্পরিক শ্রদ্ধা এবং ইস্পাতকঠিন ঐক্য।
অতীতে জামায়াত কখনো কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের সঙ্গে আপস করেনি উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন রুখে দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যই একমাত্র রক্ষাকবচ।
জামায়াত আমির বক্তব্যের ইতি টেনে আশাবাদ ব্যক্ত করেন যে, সংসদকে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় রেখে এবং গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন