প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা গ্রহণ করলে বাংলাদেশ বিশ্ব অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
তিনি উল্লেখ করেন, যদি বাংলাদেশকে একটি অনন্য ‘ইউনিক’ মডেল হিসেবে বিবেচনা করা হয় এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা গ্রহণ করা যায়, তাহলে ভবিষ্যতের সঠিক নীতি ও দক্ষতা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নিজে ও বিশ্বের অগ্রগতিতে অসাধারণ অবদান রাখতে পারবে।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা সর্বাধিকভাবে কাজে লাগানোর উপায় এবং সম্মানিত সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
রাজনৈতিক উপদেষ্টা বলেন, জনসংখ্যা এমন একটি খাত, যার প্রভাব বহু বছর পরে অনুভূত হয়। ফলে বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ এবং রূপান্তর বোঝার সক্ষমতা ভবিষ্যতের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান নিয়ামক হবে।
এছাড়া, বাংলাদেশের এই জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করবে এবং বিশ্বব্যাপী উদীয়মান নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
রোহিঙ্গা সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা, সংকট মোকাবিলার অগ্রগতি এবং শিক্ষা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা জানান, তিনি আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনএফপিএ-এর সঙ্গে সহযোগিতার বিষয় তুলে ধরবেন।
তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল ভবিষ্যতে বাংলাদেশের এসব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন