প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর, ১৩ অক্টোবর, ২০২৬ : রংপুর সিটি করপোরেশনের (রসিক) অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের জন্য ১ হাজার ৮১৩ কোটি টাকার দু’টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, তবে কাজ শুরু হতে এখনও সময় লাগবে। প্রকল্পের অর্থ ছাড় পেতে আরও তিন থেকে চার মাসের প্রয়োজন হতে পারে। অর্থ ছাড়ের পর প্রকল্পের কাজ শুরু হবে এবং নগরবাসীকে দুই মাস পরপর এর অগ্রগতি জানানো হবে, এমন তথ্য জানিয়েছেন রসিকের প্রশাসক অ্যাড. মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
গতকাল সোমবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে ‘রংপুর নগরবাসী’র আয়োজনে অনুষ্ঠিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন।
প্রশাসক জানান, প্রকল্পের অর্থ পেতে ন্যূনতম ৩-৪ মাস সময় লাগবে বলে তাদের প্রত্যাশা রয়েছে। অর্থ ছাড় হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তাই আগামীকাল থেকেই রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন কাজ শুরু হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। কাজ শুরু হলে প্রতি ২ মাস পর পর এর অগ্রগতি জনগণকে জানানো হবে।
নগর উন্নয়নে নাগরিকদের ভূমিকা সম্পর্কে তিনি গুরুত্বারোপ করে বলেন, সরকার নগরীর নাগরিকদের কাছ থেকে কর আদায় করে। সেই অর্থের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়। নাগরিকরা নিয়মিত কর দিলে সিটি করপোরেশনের আয় বৃদ্ধি পাবে এবং নগরবাসীকে আরও বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।
নিজের দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে প্রশাসক ডন বলেন, বিগত ৫ বছরে সিটি করপোরেশনের বার্ষিক আয় ছিল প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকা। এই সীমিত আয় দিয়ে নগরবাসীর সব অধিকার ও প্রত্যাশা পূরণ করা কঠিন। তাই সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর পাশাপাশি হাটবাজারসহ বিভিন্ন রাজস্ব উৎসের ব্যবস্থাপনায় সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, রংপুর নগরীকে সুন্দর ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। একইসঙ্গে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নগরবাসীর জীবনমান পরিবর্তনে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
প্রশাসক ডন বলেন, রংপুরের উন্নয়নে অনুমোদিত ১ হাজার ৮১৩ কোটি টাকার দু’টি প্রকল্প নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উন্নয়ন বরাদ্দ দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা এবং সাংবাদিকদের লেখনির মাধ্যমে উৎসাহ প্রদানের জন্যও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রংপুর মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র জ্যেষ্ঠ সদস্য কাওছার জামান বাবলা, বিএনপি নেতা ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকার সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মহানগর বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল ও জাসাসের নেতারাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন