প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-এর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে প্রবেশ করেন। এরপর ‘অ্যানিম্যাল’, ‘ছাওয়া’, ‘সিকান্দার’ সিনেমার মতো বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় তাকে দেখা গেছে।
এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন রাশমিকা মান্দানা। নেটিজেনদের একাংশের সমালোচনায় তিনি বিদ্ধ হয়েছেন। তবে এসব কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ দিতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে উচ্চারণ ও ভাষা নিয়ে সমালোচনার জবাবে এমন মন্তব্য করেন রাশমিকা মান্দানা। তিনি জানান, অপ্রয়োজনীয় কথাবার্তায় নজর না দিয়ে ভালো গল্প বলার এবং নিজের সেরা কাজটি করার দিকে মনোযোগ দিচ্ছেন।
হিন্দিতে সংলাপ বললেই কটাক্ষ তার দিকে ধেয়ে আসে। রাশমিকা মান্দানা বলেন, "অপ্রয়োজনীয় কথাবার্তায় আমি মন দিই না। অভিনেত্রী হিসাবে আমার কাজ হলো শুটিং করা এবং তারপর ঘরে ফেরা।"
তিনি আরও বলেন, "প্রতিটি সিনেমার ক্ষেত্রে আমি বিশ্বাস করি— আমরা নিজেদের সেরাটা দিই এবং এমন কিছু তৈরি করার চেষ্টা করি, যা দর্শকদের ভালো লাগবে।"
সমালোচনার জবাব দেওয়ার বদলে নিজের অভিনয়ের দিকে মনোযোগ দিতে চান বলে জানান রাশমিকা মান্দানা। তিনি বলেন, "আমি কারও পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। একজন অভিনেত্রী হিসাবে নিজের সেরা কাজটার দিকেই শুধু মন দিই।"
রাশমিকা মান্দানা বিভিন্ন ভাষায় অভিনয় করার বিষয়েও কথা বলেছেন। বিশেষ করে হিন্দি ভাষায় ‘টান’ থাকায় তাকে ট্রলড হতে হয়। নিজের ভাষাজ্ঞান সম্পর্কে তিনি বলেন, যে কোনো একটি ভাষাতে তিনি বিরাট দক্ষ— এমনটি নয়। কোনো ভাষাতেই তিনি খুব ভালো নন। বরং তিনি সব ভাষাতেই যোগাযোগ তৈরি করার মতো বলতে পারেন। যে ভাষায় কথা বলছেন, সেই ভাষায় মানুষের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ স্থাপন করতে পারলেই তার কাজ সার্থক বলে মনে করেন এ অভিনেত্রী।
উল্লেখ্য, রাশমিকা মান্দানার জন্ম ও বেড়ে ওঠা কর্নাটকের কুর্গে। সেখানকার স্থানীয় ভাষার নিজস্ব কোনো বড় চলচ্চিত্রজগত নেই। তবে ভাষা কখনো তার অভিনয়জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি বলেও জানিয়েছেন তিনি। রাশমিকা মান্দানা তার ভক্ত-অনুরাগীদের নিজের পরিবার বলে মনে করেন। তারাই প্রথমে তাকে তেলুগু সিনেমায় কাজ করার উৎসাহ দেন। পরে হিন্দি সিনেমাতেও অভিনয়ের পরামর্শ দেন।
অভিনেত্রী বলেন, "ভাষা কখনো আমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি। আমি সব ভাষাকেই নিজের ভাষা বলে মনে করি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন