প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড গোলচত্বরে বিশাল গর্ত ও পৃথক সড়ক দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অচলাবস্থার কারণে বুধবার দুপুর পর্যন্ত মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পণ্যবাহী গাড়ি বিকল হওয়া এবং একের পর এক দুর্ঘটনার ফলস্বরূপ হাজার হাজার যাত্রী ও চালক চরম ভোগান্তির মধ্যে পড়ছেন।
পুলিশের তথ্য মতে, সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় মহাসড়কের ওপরে বেশ কিছু বড় ও গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানজট শুরু হয় গত মঙ্গলবার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর। রাতের বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বুধবার সকালবেলা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজট আরও দীর্ঘ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত এবং বিকল যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়ার সক্ষমতা না থাকায় ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে শুরু করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্বরোড গোলচত্বরে সড়কের গর্তে যানবাহন আটকে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সরাইল, শাহবাজপুর, কুট্টাপাড়া, শান্তিনগর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে।
সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, বিশ্বরোড এলাকায় গর্তে পণ্যবাহী যানবাহন আটকে যাওয়া এবং দুর্ঘটনাকবলিত লরি অপসারণের কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে সড়কের বেহাল দশা ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে জট ছুটাতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন