প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যে মা কারাগারে বন্দি অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
তূর্যের মা শারমিন সুলতানার সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা থাকলেও কাশিমপুর কারাগার দূরবর্তী হওয়ায় তা আর পূরণ হয়নি। আইনজীবী জানিয়েছেন, তূর্যের মায়ের প্যারোলে মুক্তির জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে।
বর্তমানে তূর্যের মরদেহ আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। তবে প্যারোলে মুক্তি না মিললে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্বজনদের। সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় খোলা বা বন্ধ থাকা নিয়ে পরিবার বিভ্রান্তিতে রয়েছে।
এর আগে, ৬ অক্টোবর কারাগারে থাকা মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও প্রতিবন্ধী তূর্যের অসহায়ত্ব, ওষুধপত্রের সংকট এবং বাকি থাকা আরেকটি অপারেশন নিয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে ছোট বোন তূর্নির ওপর অসুস্থ বড় ভাইয়ের দেখভালের গুরুদায়িত্ব এসে পড়ার বিষয়টিও উঠে আসে।
পারিবারিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে অবস্থান করছিল। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে ৩ অক্টোবর গভীর রাতে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে পুলিশ আটক করে। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আটকের আগে, তিনি নিজ বাসায় কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন। শারমিন সুলতানা, নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধের সূত্র ধরে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক মারপ্যাঁচে রূপ নেয় বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা জানিয়ে শারমিন সুলতানার কান্নাজড়িত আকুতি এবং সন্তানের মৃত্যুর ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক বিবেচনার জায়গা নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন