প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একটি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার, এ তথ্য জানিয়েছে দেশটির সরকার-সংশ্লিষ্ট একটি প্রকাশনা সংস্থা। গোল্ড ওয়াল প্রেস, যা চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত, জানায়, ওই কর্মকর্তার নাম মা। বিদেশে কাজ করার সময় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা তার সঙ্গে যোগাযোগ করে এবং পরে তাকে গুপ্তচরবৃত্তির কাজে নিয়োগ দেয়। তবে, কোন দেশের গোয়েন্দা সংস্থা তাকে নিয়োগ দিয়েছিল, তা জানানো হয়নি।
দ্য গার্ডিয়ান জানায়, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মা বিদেশি ওই সংস্থার সঙ্গে একটি চুক্তিতে সই করেছিলেন। চুক্তিতে গোপনীয়তা ও আনুগত্য বজায় রাখার শর্ত ছিল। বিনিময়ে, তাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হতো।
বিবৃতিতে আরো বলা হয়, মা মোট ৩৫টি গোপন তথ্য বিদেশি সংস্থাটিকে দিয়েছিলেন। এসব তথ্য চীনের জাতীয় গোপন তথ্য হিসেবে চিহ্নিত ছিল। এর বিনিময়ে, তিনি ১০ লাখ ইউয়ানের বেশি অর্থ পান। বাংলাদেশি মুদ্রায় নয়, মার্কিন ডলারে এ অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার।
কাইলিন ছদ্মনামে পরিচিত এক গোয়েন্দা কর্মকর্তা নিয়মিত মায়ের সঙ্গে দেখা করতেন। তার উদ্দেশ্য ছিল মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। এ জন্য কাইলিন চীনা ভাষা শেখার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে যোগাযোগ বাড়ান।
পরে কাইলিন মাকে নিজের এক সহকর্মীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই সহকর্মী তাকে হুমকি দিয়ে বলেন, তিনি সহযোগিতা না করলে আগে দেওয়া গোপন তথ্যের কথা চীনা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, চীনে ফিরে আসার পরও মা বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহ করতে থাকেন। এ কাজে তাকে একটি ল্যাপটপ দেওয়া হয়েছিল। নিজের পদের সুযোগ নিয়ে মা দিনের বেলা গোপন নথি থেকে তথ্য সংগ্রহ করতেন এবং রাতে একটি গুপ্তচরবৃত্তির ওয়েবসাইটের মাধ্যমে সেসব তথ্য বিদেশে পাঠাতেন।
তবে, কোন দেশের গোয়েন্দা সংস্থা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রকাশ করা হয়নি। মাকে কখন ও কোথায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।
চীনের আদালত সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় ও গোল্ড ওয়াল প্রেস এ ধরনের গ্রেপ্তার ও গুপ্তচরবৃত্তির ঘটনা বেশি করে প্রকাশ করছে। মানুষকে সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি চলচ্চিত্র ও কমিকসও ব্যবহার করছে তারা।
গোল্ড ওয়াল প্রেস বলেছে, এ ঘটনা আবারও সবাইকে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো খুব কৌশলে কাজ করে। গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নিজেদের পক্ষে আনতে তারা ব্যক্তিগত সম্পর্ক, অর্থের প্রলোভন ও হুমকি ব্যবহার করে।
বিবৃতিতে চীনের সরকারি কর্মকর্তাদের সব সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য বজায় রাখা, রাষ্ট্রীয় গোপন তথ্য রক্ষা করা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার ফাঁদে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমন সময়ে এ ঘটনা সামনে এল, যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ চীনে নিজেদের হয়ে কাজ করার জন্য লোক নিয়োগের চেষ্টা প্রকাশ্যে চালাচ্ছে। সিআইএর ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি দেখা পাঁচটি ভিডিওই চীনা ভাষায় তৈরি। এসব ভিডিওতে লোক নিয়োগের আহ্বান জানানো হয়েছে।
২০২৩ সালে চীন গুপ্তচরবিরোধী আইন আরো কঠোর করে। এতে গুপ্তচরবৃত্তির সংজ্ঞা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের তদন্তের ক্ষমতা বাড়ানো হয়। এর পরের বছর, ২০২৪ সালে, দেশটি রাষ্ট্রীয় গোপনীয়তা আইনেও পরিবর্তন আনে। এতে সংবেদনশীল তথ্যের ওপর বিধিনিষেধ বাড়ানো হয়। পাশাপাশি ‘কর্মক্ষেত্রের গোপনীয়তা’ নামে নতুন এক ধরনের তথ্যও বিধিনিষেধের আওতায় আনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন