প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ায় কাউন্টি চ্যাম্পিয়নশিপের মাঝপথে কেন্টের দল ছাড়তে বাধ্য হয়েছেন হাসান মাহমুদ। তার এই বিদায়ে দলের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সেই শূন্যতা দুর্দান্তভাবে পূরণ করছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। কাউন্টিতে খেলার তার দ্বিতীয় ম্যাচেই অসাধারণ বোলিং করে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ইংল্যান্ডের কেন্টারবুরিতে অনুষ্ঠিত কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ল্যাঙ্কশায়ারের বিরুদ্ধে প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছে কেন্ট। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালেদ। তার নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ের ফলে ল্যাঙ্কশায়ার মাত্র ১৬১ রানে গুটিয়ে যায়।
নতুন বলে শুরু থেকেই ছন্দে ছিলেন খালেদ। প্রথম স্পেলে তিনি টানা তিন ওভার মেডেন দিয়ে চাপ সৃষ্টি করেন। এরপর ৩০ রান করা কিটন জেনিংসকে আউট করে ৮১ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন। সেই উইকেটের পর থেকেই ল্যাঙ্কশায়ারের ব্যাটিং বিপর্যয় শুরু হয়।
পরবর্তী ওভারে রকি ফ্লিন্টফকে আউট করে খালেদ আরও বড় ধাক্কা দেন। অন্য প্রান্ত থেকে ম্যাট মিলনেসও সমান তালে আক্রমণ চালালে ল্যাঙ্কশায়ার দ্রুতই চাপে পড়ে যায়। ৮২ রানের মধ্যে তারা চার উইকেট হারিয়ে ফেলে।
এরপর ম্যাটি হার্স্টকে ৩৭ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন খালেদ। ডার্বিশায়ারের বিরুদ্ধে আগের ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার এবার নিজেকে ছাড়িয়ে যান। এক পর্যায়ে টানা দুই বলে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে সাজঘরে ফিরিয়ে পাঁচ উইকেটের কীর্তি সম্পন্ন করেন।
শেষ পর্যন্ত ১৫.৫ ওভার বল করে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন খালেদ। তার বোলিংয়ে চারটি মেডেন ওভার ছিল। অন্যদিকে, মিলনেস ৫০ রানে চার উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তবে বল হাতে দাপট দেখানোর পরেও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি কেন্ট। প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫১ রান। দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ৬৮ রানে অপরাজিত থেকে কেন্টকে লড়াইয়ে রাখার চেষ্টা করছেন জ্যাক ক্রলি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন