প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর, ২৭ অক্টোবর, ২০২৬ : বর্তমান সরকার যুবসমাজকে শুধুমাত্র চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না, বরং বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা এবং আধুনিক উপকরণ সরবরাহের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আজ জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, এ জেড এম রেজওয়ানুল হক এমপি এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল।
ডা. এ জেড এম জাহিদ হোসেন উল্লেখ করেন, সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো যুবসমাজকে জাগিয়ে তোলা এবং তাদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়ে অবাধ সুযোগ সৃষ্টি করা, যাতে তারা সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারে।
তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাকুরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজেদের উদ্যোগী হওয়ার জন্য কাজ করতে হবে। যুবসমাজকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে চিন্তা ও বাস্তবমুখী কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো তরুণদের মনোজগতে উদ্যোক্তা হওয়ার শক্তিশালী আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা তৈরি করা। এই জব ফেয়ার তরুণদের মাঝে নতুন উদ্দীপনা জোগাবে এবং তাদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়ার বাস্তব পথ দেখাবে।
দেশের ঐতিহ্যবাহী সমাজসেবী ও সফল উদ্যোক্তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম এবং স্যামসন এইচ চৌধুরীর মতো সফল উদ্যোক্তা ও মানবিক গুণসম্পন্ন আলোকিত মানুষ হতে হবে।
দিনব্যাপী এই জব ফেয়ারকে কেন্দ্র করে দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মেলায় দেশি-বিদেশি শতাধিক খ্যাতনামা প্রতিষ্ঠানের স্টলগুলোতে চাকুরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যেখানে ২৫ হাজার নিবন্ধিত প্রার্থীসহ ৪০ হাজারের বেশি চাকুরি প্রত্যাশী অংশ নেন এবং তাৎক্ষণিকভাবে শতাধিক চাকুরি প্রত্যাশী চাকুরি লাভ করেন।
এছাড়াও, প্রতিষ্ঠানগুলোতে জমা পড়া লক্ষাধিক জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই-বাছাই শেষে শিগগিরই তাদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন