প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার একটি স্বাধীন সংবাদমাধ্যম সরকারের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে বলেছে, তাদের কার্যালয়ে প্রায় সাত ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়েছে।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংগঠন প্রশ্ন তুলেছে। তারা বিশেষ করে তথ্য পাওয়ার ক্ষেত্রে বাধা, আইনি হয়রানি ও অর্থনৈতিক চাপ প্রয়োগের মতো ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার আইনগত ও ব্যবসায়িক সম্পর্ক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছে সংবাদমাধ্যম ‘লা সিলা ভাসিয়া’।
সংবাদমাধ্যমটি জানায়, ডানপন্থী সরকার তাদের বিরুদ্ধে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগ তুলেছে। পাশাপাশি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার মাধ্যমে তাদের কার্যালয়ে পরিদর্শন করা হয়েছে।
লা সিলা ভাসিয়ার প্রকাশনা পরিচালক হুয়ানিতা লিওন এএফপিকে বলেন, ‘এটি একটি সংবাদমাধ্যমকে নীরব করে দেওয়ার কৌশলগত পদক্ষেপ। এই সংবাদমাধ্যম বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে, যেমনটি অতীতের সব সরকারের ক্ষেত্রেও করেছে।’
চলতি বছর কলম্বিয়ার মর্যাদাপূর্ণ সিমন বলিভার পুরস্কারে সেরা সাংবাদিক হিসেবে স্বীকৃতি পাওয়া লিওন আরও জানান, সরকারি কর্মকর্তারা তাদের কাছে বিভিন্ন নথিপত্র চেয়েছেন। তবে এসব নথি চাওয়ার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি বলে সংবাদমাধ্যমটির দাবি।
প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইকোপেট্রলের নির্বাহী কর্মকর্তা কার্লোস সুয়ারেজ সম্প্রতি তার পরিবারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনের কঠোর সমালোচনা করেন।
গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘জুয়ানিতা, আমিও আপনাকে চুপ করিয়ে দিতে চাই না। কারণ, তাতে আপনাকে শহীদের ভূমিকায় বসিয়ে দেওয়া হবে এবং আপনার সহযোগীদেরও আপনার পক্ষে স্লোগান দেওয়ার সুযোগ তৈরি হবে।’
লিওনের মতে, সুয়ারেজের এই বক্তব্য লা সিলা ভাসিয়ার বিরুদ্ধে একটি ‘পরোক্ষ হুমকি’।
এদিকে, প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা তার সরকারের কোনো সদস্যকে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন।
সম্প্রতি সরকারবিরোধী অবস্থানের কারণে পরিচিত সাংবাদিক ড্যানিয়েল করোনেল ও হলম্যান মরিসের নিরাপত্তার দায়িত্বও বাতিল করেছে তার প্রশাসন।
এই দুই সাংবাদিকই এর আগে একাধিকবার হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন।
কলম্বিয়া লাতিন আমেরিকার সাংবাদিকদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সেখানে সাংবাদিকদের হত্যাকাণ্ড ও অপহরণের মতো ঘটনার মুখোমুখি হতে হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন