প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা বাজার অংশের রাস্তাটির দীর্ঘদিনের বেহাল দশা এখন চরম ভোগান্তিতে রূপ নিয়েছে। ব্যস্ততম এই সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় সড়কের দুই পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পানি ও ভারী যানবাহনের চাপে সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তেঁতুলতলা বাজার এলাকার প্রধান সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে কাদা-পানিতে একাকার হয়ে আছে। অনেক স্থানে এমন বড় বড় গর্ত তৈরি হয়েছে যে, সেখান দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশাচালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার পানি নামার কোনো জায়গা নেই। বৃষ্টি হলে বা রাস্তার ধারের দোকানপাট থেকে ব্যবহৃত পানি সরাসরি রাস্তায় এসে জমা হয়। ফলে রাস্তাটি পচে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এই জলাবদ্ধতার কারণে তাদের ব্যবসাতেও মারাত্মক প্রভাব পড়ছে, গ্রাহকরা দোকানে আসতে চাচ্ছেন না।
ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে। যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও, কাদা-পানি ছিটকে পথচারীদের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সড়কটি সংস্কার এবং সড়কের দুই পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিলে শুধু যান চলাচলই সহজ হবে না, বরং ভবিষ্যতের বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেও সবাই রক্ষা পাবে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন