প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিষদের ১৫ সদস্যের সবাই প্রস্তাবটির পক্ষে ভোট প্রদান করেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইয়েমেনের নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আর্থিক লেনদেন ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, ইয়েমেনের কয়েকজন ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবে হুথি বিদ্রোহীদের সামুদ্রিক হামলা, সৌদি আরবে আন্তসীমান্ত হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির নিন্দা জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও এ বিষয়ে প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এতে প্রায় ১২ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন।
২০২২ সালের এপ্রিল থেকে দেশে যে আপেক্ষিক শান্তি ছিল, তা নতুন সংঘাতের ফলে ভেঙে পড়েছে। চলমান লড়াই ও মানুষের বাস্তুচ্যুতি ইয়েমেনের মানবিক সংকটকে আরও গভীর করেছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশের বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এর প্রতিক্রিয়ায় ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে।
এরপর থেকে দেশটিতে সংঘাত, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন