প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ শুধুমাত্র পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে নিয়মিতভাবে এই সিরিজটি প্রদর্শিত হচ্ছে। ভারতে যদিও এটি সম্প্রচার নিষিদ্ধ, দর্শকেরা বিভিন্ন উপায়ে ধারাবাহিকটি উপভোগ করছেন। এবার নির্মাতারা ভক্তদের জন্য একটি নতুন চমক নিয়ে আসছেন। পাকিস্তানের প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ধারাবাহিকটির চূড়ান্ত পর্ব দেখানো হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সিয়াসাতের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জনপ্রিয় এই ধারাবাহিকের শেষ পর্বকে কেন্দ্র করে পাকিস্তানের প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তবে এই সমাপ্তি শুধুমাত্র প্রেক্ষাগৃহের দর্শকদের জন্য সীমাবদ্ধ থাকবে না।
প্রেক্ষাগৃহে প্রদর্শনীর এক দিন পরই ইউটিউবে প্রকাশ করা হবে শেষ পর্বটি। ‘টপ পাকিস্তানি ড্রামাস’ নামের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির অন্তিম পর্ব দেখা যাবে। ফলে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শকেরা ঘরে বসে অনলাইনে ‘দার-ই-নিজাত’র শেষ অধ্যায় উপভোগ করতে পারবেন।
শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম অভিনীত ‘দার-ই-নিজাত’ চলতি বছরের অন্যতম জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিকে পরিণত হয়েছে। শেহরিয়ার মুনাওয়ার আবু বকর চরিত্রে এবং দুরে ফিশান সেলিম জারিয়াবের ভূমিকায় অভিনয় করছেন। ধারাবাহিকটি পাকিস্তানের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে।
এ পর্যন্ত ‘দার-ই-নিজাত’র ৩৪টি পর্ব প্রচারিত হয়েছে। শুরুতে ৩৮ পর্বে ধারাবাহিকটি শেষ করার পরিকল্পনা থাকলেও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার কারণে পর্বের সংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে। সেই হিসাবে এখনো আটটি পর্ব প্রচারের অপেক্ষায় রয়েছে।
সবকিছু ঠিক থাকলে ধারাবাহিকটির শেষ পর্ব আগামী ২৫ বা ২৬ ডিসেম্বর প্রচারিত হতে পারে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।
প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনী এবং পরদিন ইউটিউবে মুক্তির পরিকল্পনায় ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের ভক্তদের জন্য অনলাইনে শেষ পর্ব দেখার সুযোগটি বাড়তি আকর্ষণ হয়ে উঠছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন