মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫৬ পি.এম
যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ এখন থেকে আশ্রয় বা অভিবাসন আবেদন প্রত্যাখ্যাত ব্যক্তিদের আটক করে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষমতা পাবে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমান আইনে অন্তত পাঁচ কর্মদিবসের ‘গ্রেস পিরিয়ড’ বাতিল করে কঠোর সংশোধনী আনার প্রস্তাব করেছেন।
অভিবাসন ও আশ্রয় বিলে এই সংশোধনীটি যুক্তরাজ্যের পার্লামেন্টে বিবেচনাধীন রয়েছে। বর্তমানে, কারও আশ্রয় আবেদন ও আপিলের সব প্রক্রিয়া শেষ হওয়ার পর অভিবাসন কর্মকর্তাদের অন্তত পাঁচ কর্মদিবসের নোটিশ দিতে হতো। এই সময়ের মধ্যে আবেদনকারীরা আইনগত পদক্ষেপ নেওয়ার বা দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতেন।
নতুন প্রস্তাব পাস হলে, আপিল প্রক্রিয়ায় হেরে যাওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে অভিবাসন কর্মকর্তারা কোনো বাড়তি সতর্কতা বা নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক ও সরাসরি ফেরত পাঠাতে পারবেন। এই পদক্ষেপটি ডেনমার্কের কঠোর অভিবাসন ব্যবস্থার আদলে নেওয়া হচ্ছে।
শাবানা মাহমুদ বলেন, “যারা আপিলের সব অধিকার শেষ করেছেন, তারা যেন আইনি ফাঁকফোকর ব্যবহার করে বৈধভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারেন, সেজন্যই দ্রুত ব্যবস্থা নেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।” নতুন আইনে শেষ মুহূর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘আধুনিক দাসত্ব’ (মডার্ন স্লেভারি) সংক্রান্ত দাবি তুলে ডিপোর্টেশন বিলম্বিত করার পথও বন্ধ করা হচ্ছে।
তবে, যুক্তরাজ্যের মানবাধিকার ও শরণার্থী বিষয়ক সংস্থাগুলো সরকারের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন মন্তব্য করেন, “মানুষের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত। কোনো নোটিশ ছাড়া হঠাৎ করে মানুষকে সরিয়ে নেওয়ার এই উদ্যোগ অপ্রয়োজনীয় আতঙ্ক ও মানসিক যন্ত্রণার সৃষ্টি করবে। পরিসংখ্যান বলছে, জোরপূর্বক ফেরত পাঠানোর চেয়ে স্বেচ্ছায় ফিরে যাওয়ার সুযোগ দিলে তা অনেক বেশি কার্যকর ও ব্যয়সাশ্রয়ী হয়।”
অ্যাসাইলাম ম্যাটার্সের নির্বাহী পরিচালক লুইস ক্যালভিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, জোরপূর্বক বিতাড়ন ন্যায়বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়ে অভিবাসন সমস্যার প্রকৃত সমাধান আনবে না। সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ইনডিপেনডেন্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়েছে যে, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ না রাখলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে।
প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান জানিয়েছেন, "দুটি ককটেলের শব্দ শুনতে পেয়েছি। একটি বিস্ফোরণ হয়েছে, আরেকটি হয়নি। এ ছাড়া আমাকে বলা হয়েছে ১৯ তারিখ ক্যাম্পাস বন্ধ রাখার জন্য, না হলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। আমি বলেছি, তুমি পালিয়েছ, তোমার আপা পালিয়েছে। সাহস থাকলে তোমরা আসো।"
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কোস্ট গার্ড চট্টগ্রামের পতেঙ্গায় ৩৭ হাজার ৫০০ কেজি (সাড়ে ৩৭ টন) সিমেন্টসহ একজনকে আটক করেছে। একই সঙ্গে সিমেন্ট পরিবহনের জন্য ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানিয়েছেন, মিয়ানমারে পাচারের সময় সাড়ে ৩৭ টন সিমেন্টসহ একজনকে আটক করা হয়েছে।
এছাড়া পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জাতীয় সংসদে উঠেছে, জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান অভিযোগ করেছেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। অভিযোগ রয়েছে, রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি প্রত্যাশা করেছেন নাজিবুর।
নাজিবুর রহমান বলেছেন, "সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। তারপরও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে।"
জামায়াতের এই সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম।"
তিনি আরও বলেন, "আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কিন্তু তার কিছুই হয়নি। এ জন্য বিষয়টি তুললাম। এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা আশা করছি এবং বিবৃতি আশা করছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙ্গামাটি, ১৭ নভেম্বর ২০২৬ : জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আজ বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার বিকেলে জেলা সদরের বনরুপা পেট্রোল পাম্প চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদার।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন সাকু, সদস্য সচিব আবু নাছের, যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, নূর নবী, পারভেজ, সিরাজ আরজ হোসেন সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেনিশ চাকমা সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সমাবেশে বলেন, "পরিকল্পিতভাবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডসহ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।" গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তারা বলেন, "ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।" তারা স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের জনসাধারণকে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান।
এর আগে, একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ