প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুর জেলাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক দায়িত্বশীলতা এবং তৃণমূল পর্যায়ে সম্মিলিত সামাজিক প্রতিরোধ।
মঙ্গলবার (৩ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নেছারাবাদ (স্বরূপকাঠী) ও কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক মাদকবিরোধী মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অন্যদিকে বিকেলে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।
সভা দুটি সঞ্চালনা করেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।
সভায় বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের ওপর গুরুত্ব দেন তাঁরা।
একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা এবং মাদকবিরোধী কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনটির জেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, নেছারাবাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল হাসান, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন